নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে প্রাইভেটকারের চালকের ঘুষিতে রফিক (৪৫) নামে এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত প্রাইভেটকারের চালক নাদিমকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার রাত ১১টার দিকে শিমরাইল-আদমজী-চাষাড়া সড়কের ৪ নম্বর ওয়ার্ডের রায়হান সিএনজি পাম্পের সামনে এ ঘটনা ঘটে। নিহত রফিকের গ্রামের বাড়ি পটুয়াখালী জেলার সদর উপজেলার গেরাখালী এলাকায়। তিনি সিদ্ধিরগঞ্জের সিআইখোলা এলাকার নাঈমের গ্যারেজ থেকে অটোরিকশা চালাতেন। অপরদিকে গ্রেপ্তারকৃত হওয়া নাদিম সিদ্ধিরগঞ্জের আদমজী বিহারীপট্টি এলাকার বাসিন্দা। জানা গেছে, নিহত যুবক ব্যাটারিচালিত অটোরিকশা চালাতেন। গতরাতে গ্রেপ্তারকৃতর প্রাইভেটকারের সঙ্গে সামান্য সংঘর্ষের পর উভয়ের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে নিহতকে বেধড়ক মারধর করা হয়। মারধরে ঘুষির আঘাতে অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হয়। পরবর্তীতে নারায়ণগঞ্জের খানপুর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক বলেন, অটোরিকশাচালক নিহতের ঘটনায় মামলা হয়েছে এবং অভিযুক্ত প্রাইভেটকার চালককে গ্রেপ্তার করা হয়েছে।