জানা নিউজ

প্রথমবারের মতো বাংলাদেশি সিনেমায় বলিউডের মুকেশ

অমিতাভ বচ্চন, সালমান খান ও আমির খানের মতো তারকার বিপরীতে খলনায়কের চরিত্রে অভিনয় করে পরিচিতি পেয়েছেন মুকেশ ঋষি। এবার প্রথমবারের মতো বাংলাদেশের সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন বলিউডের এই অভিনেতা। মোহাম্মদ ইকবাল পরিচালিত ‘নসিব’ সিনেমায় প্রধান খলনায়কের চরিত্রে দেখা যাবে তাঁকে। সিনেমাটির পরিচালক জানিয়েছেন, শুটিংয়ে অংশ নিতে চলতি মাসেই বাংলাদেশে আসবেন মুকেশ। ছবির কয়েকটি গুরুত্বপূর্ণ অ্যাকশন দৃশ্যেও অভিনয় করবেন তিনি। এরই মধ্যে কক্সবাজারের বিভিন্ন লোকেশনে সিনেমাটির প্রথম ধাপের শুটিং শেষ হয়েছে। এবার দ্বিতীয় ধাপের কাজ শুরু হচ্ছে বগুড়ায়। আগামী ৯ তারিখ থেকে সেখানে শুটিং শুরুর পরিকল্পনা রয়েছে। বলিউডে খলনায়ক হিসেবে পরিচিতি পেলেও মুকেশ ঋষি কাজ করেছেন তেলুগু, তামিল, কন্নড়, মালয়ালম ও পাঞ্জাবি ভাষার সিনেমায়ও। নব্বইয়ের দশক থেকে বিভিন্ন ভাষার চলচ্চিত্রে নিয়মিত অভিনয় করছেন তিনি। অমিতাভ বচ্চনের সঙ্গে ‘সূর্যবংশম’, ‘লাল বাদশাহ’ ও ‘কোহরাম’ সিনেমায় অভিনয় করেছেন মুকেশ। সালমান খানের সঙ্গে তাঁর উল্লেখযোগ্য কাজ ‘জুড়ওয়া’, ‘বন্ধন’ ও ‘গর্ব: প্রাইড অ্যান্ড অনার’। আমির খানের ‘সারফারোশ’ সিনেমায় ইন্সপেক্টর সেলিম চরিত্রেও প্রশংসিত হন তিনি। এ ছাড়া ‘গুন্ডা’ সিনেমার বুল্লা চরিত্রের জন্যও দর্শকের কাছে বিশেষ পরিচিতি রয়েছে তাঁর। এবার ‘নসিব’ দিয়ে ঢাকাই সিনেমায় অভিষেক হতে যাচ্ছে এই অভিনেতার।