পোল্যান্ডের একটি স্কুলে ১৫ বছর বয়সী সাবেক এক শিক্ষার্থীর হামলায় একজন নিহত ও দুজন আহত হয়েছেন। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার সকাল ৯টার দিকের এ ঘটনায় প্রধান শিক্ষকসহ তিনজন আহত হয়েছেন বলে জানায় দেশটির পুলিশ। বার্তা সংস্থা রয়টার্স বলছে, এ ঘটনার একদিন আগে অর্থাৎ বুধবার দেশটির আরেকটি স্কুলে ছুরিকাঘাতে ১০ জন আহত হয়েছিলেন। পুলিশ জানিয়েছে, ওয়ারশর উত্তর-পূর্বাঞ্চলের ভিশকুভ কাউন্টির লেশচিদোল-নোভিনি এলাকার একটি স্কুলে স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার সকাল ৯টার দিকে ওই কিশোর ধারালো অস্ত্র নিয়ে প্রবেশ করে। সেখানে তিন কর্মীকে আহত করা হয়। আহতদের মধ্যে স্কুলটির প্রধান শিক্ষকও ছিলেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ১৫ বছর বয়সী কিশোরটিকে আটক করে। পরে পুলিশ জানায়, আহত ৩৭ বছর বয়সী এক স্কুলকর্মীকে বাঁচানোর চেষ্টা করা হলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। এদিকে পোল্যান্ডের স্বরাষ্ট্রমন্ত্রী মারচিন কিয়েরভিনস্কি জানিয়েছেন, দেশটির মধ্যাঞ্চলের সিরেপক শহরে পৃথক ঘটনায় ১৭ বছর বয়সী এক কিশোরকে আটক করা হয়েছে। তার ব্যাগ থেকে দুটি ছুরি উদ্ধার করা হয়। এর আগে গত বুধবার উত্তর-পূর্ব পোল্যান্ডের অস্ট্রোলেঙ্কার একটি স্কুলে ছুরিকাঘাতের ঘটনায় ১০ জন আহত হন। পুলিশ ওই ঘটনায় ১৯ বছর বয়সী এক সন্দেহভাজনকে আটক করে। আহতদের মধ্যে ওই সন্দেহভাজন নিজেও ছিলেন।