জানা নিউজ

পুঁজিবাজারে সূচকের পতন

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস গতকাল সোমবার পুঁজিবাজারে সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন কমলেও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এতথ্য জানা গেছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, গতকাল সোমবার ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৪৫ পয়েন্ট কমে ৫ হাজার ৮১৪ পয়েন্টে অবস্থান করছে। অন্য দুই সূচকের মধ্যে শরিয়াহ সূচক ১৩ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৮ পয়েন্ট কমে যথাক্রমে ১১৫৭ ও ২১৭৫ পয়েন্টে অবস্থান করছে। এদিন ডিএসইতে ৯৯৪ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবসের চেয়ে ১৩৬ কোটি টাকা কম। আগের দিন ডিএসইতে এক হাজার ১৩০ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল। গতকাল ডিএসইতে ৩৯১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। এগুলোর মধ্যে দাম বেড়েছে ৫৪টি কোম্পানির, কমেছে ৩১৮টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দর। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক সিএএসপিআই ১১১ পয়েন্ট কমে ১৫ হাজার ৬২৪ পয়েন্টে অবস্থান করছে। গতকাল সোমবার সিএসইতে হাত বদল হওয়া ২৪৪টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৫০টির, কমেছে ১৬৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টি কোম্পানির শেয়ার দর। এদিন সিএসইতে ১০৫ কোটি ২৬ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে প্রায় ৩০ কোটি টাকা বেশি। আগের দিন সিএসইতে ৭৫ কোটি ১৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল।