পাকিস্তানি ধারাবাহিক ‘শেইদাই’ থেকে গল্প, দৃশ্য এমনকি চরিত্রের পোশাকও নকল করার অভিযোগ উঠেছে নিলয় আলমগীর ও জান্নাতুল সুমাইয়া হিমি অভিনীত ‘প্রথম প্রেমের গল্প’ ধারাবাহিককে ঘিরে। ১২ অক্টোবর থেকে প্রচার শুরু হওয়া নাটকটির প্রথম দুই পর্ব প্রকাশের পরই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় আলোচনা-সমালোচনা। তবে নকলের অভিযোগকে বড় করে দেখছেন না নির্মাতা তানভীর তন্ময়। তাঁর দাবি, নাটকের শুরুতেই বিদেশি ধারাবাহিক থেকে অনুপ্রাণিত হওয়ার বিষয়টি উল্লেখ করা হয়েছে। সামনে মৌলিক গল্পও তুলে ধরা হবে।
নাটকটির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন নিলয় আলমগীর ও জান্নাতুল সুমাইয়া হিমি। তাঁদের সঙ্গে আরও রয়েছেন ফারিন খান, আলী রাজ, সুজাতা, ফারজানা চুমকি ও জাহিদ হোসেন শোভনসহ পরিচিত কয়েকজন অভিনয়শিল্পী।
দর্শকদের অভিযোগ, পাকিস্তানি ‘শেইদাই’-এর কাহিনির সঙ্গে ‘প্রথম প্রেমের গল্প’-এর মিল এতটাই বেশি যে একে শুধু অনুপ্রেরণা বলা কঠিন। গল্পের পাশাপাশি দৃশ্য ও চরিত্রের পোশাকেও মিল থাকার কথা বলছেন অনেকে। তাঁদের আরেকটি প্রশ্ন, নাটকের পোস্টার ও শিল্পী-কুশলীদের তালিকায় চিত্রনাট্যকার কিংবা মূল গল্পের লেখকের নাম নেই কেন?
‘সমালোচনাকে বড় করে দেখছি না’
নকলের অভিযোগের বিষয়ে নির্মাতা তানভীর তন্ময় বলেন, ‘আমাদের নাটকের শুরুতেই উল্লেখ করা হয়েছে, বিদেশি ড্রামা থেকে অনুপ্রাণিত। কপি গল্প হলেও চেষ্টা করেছি বড় স্কেলে সেই আয়োজন দেখাতে। আরও কয়েকটি পর্বের পর দর্শক বুঝতে পারবেন, এখানে মৌলিক গল্পও আছে। তাই সমালোচনাকে বড় করে দেখছি না।’
নির্মাতার ভাষ্য, সমালোচনার পাশাপাশি নাটকটি নিয়ে ইতিবাচক মন্তব্যও করছেন দর্শকেরা। বড় বাজেটে দেশীয় নাটক নির্মাণের উদ্যোগকে অনেকে স্বাগত জানিয়েছেন। তাঁর মতে, এমন আয়োজন অন্য নির্মাতাদেরও বড় বাজেটে নাটক তৈরিতে উৎসাহিত করতে পারে।
তানভীর তন্ময় বলেন, ‘এত বড় বাজেটে আমাদের দেশে নাটক হচ্ছে, এর প্রশংসা করছেন তাঁরা। এটা দেখে আরও অনেকে বড় বাজেটে নাটক নির্মাণ করতে সাহস পাবেন। এই সাহস পাইনি বলে প্রথম দিকে কপি গল্পের দিকে গিয়েছি। এর মধ্য দিয়ে আমাদের নিজস্ব গল্পও দেখাব।’
চিত্রনাট্যকারের নাম কেন নেই?
‘প্রথম প্রেমের গল্প’-এর টাইটেল কার্ডে অভিনয়শিল্পী ও কলাকুশলীদের পরিচয় তুলে ধরা হলেও চিত্রনাট্যকারের নাম উল্লেখ করা হয়নি। ইউটিউবে প্রকাশিত পর্বের শিল্পী-কুশলীদের তালিকা ও নাটকের পোস্টারেও লেখকের নাম না থাকায় বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন দর্শকেরা।
এ বিষয়ে নির্মাতা তানভীর তন্ময় বলেন, ‘নাটকের লেখককে পরিচয় করাব যখন আমাদের মৌলিক গল্প শুরু হবে। এখন অনুপ্রাণিত গল্পের প্রচার চলছে। তাই মনে হয়েছে, এখন তাঁর নাম উল্লেখ না করাই ভালো।’
তবে দর্শকদের একাংশের প্রশ্ন, বিদেশি কোনো গল্প থেকে অনুপ্রাণিত হলেও দেশীয় নাটকে লেখকের পরিচয় গোপন রাখার প্রয়োজন আছে কি না। তাঁদের মতে, অনুপ্রেরণা ও হুবহু নকলের মধ্যে পার্থক্য রয়েছে। বিদেশি নাটকের কাহিনি বা দৃশ্যের সঙ্গে দেশীয় নাটকের মিল সহজেই শনাক্ত করতে পারছেন দর্শকেরা, কারণ এখন ইন্টারনেটের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের নাটক দেখা যায়।
নিলয় আলমগীর ও জান্নাতুল সুমাইয়া হিমির মতো জনপ্রিয় অভিনয়শিল্পীদের কাছ থেকে মৌলিক ও মানসম্মত কাজ প্রত্যাশা করেন বলেও মন্তব্য করেছেন অনেকে। তাঁদের আশঙ্কা, বিদেশি নাটকের গল্প অনুকরণের প্রবণতা বাড়লে বাংলা নাটকের নিজস্বতা ক্ষতিগ্রস্ত হতে পারে। সাময়িকভাবে দর্শকসংখ্যা বাড়লেও দীর্ঘ মেয়াদে এতে দেশীয় নাটকের মান নিয়ে প্রশ্ন তৈরি হতে পারে।
‘এটা আমাদেরই গল্প’ থেকে অনুপ্রেরণা?
চলতি বছরের শুরুতে পাকিস্তানি ধারাবাহিক থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত ‘এটা আমাদেরই গল্প’ জনপ্রিয়তা পেয়েছিল। সেই সাফল্য ‘প্রথম প্রেমের গল্প’ নির্মাণে প্রভাব ফেলেছে কি না, এমন প্রশ্নের জবাবে তানভীর তন্ময় বলেন, বিষয়টি তেমন নয়। তাঁর দাবি, প্রায় দুই বছর আগেই ধারাবাহিকটি নির্মাণের পরিকল্পনা করেছিলেন তিনি।
নির্মাতা জানান, সে সময় নিলয় আলমগীর একক নাটক নিয়ে ব্যস্ত ছিলেন। সাম্প্রতিক সময়ে বেশ কিছু সিরিজ জনপ্রিয়তা পাওয়ায় নিলয়ও ধারাবাহিকে অভিনয়ের বিষয়ে আগ্রহী হন। একই সময়ে তানভীর তন্ময়েরও মনে হয়েছে, সিরিজ নির্মাণের জন্য এটি ভালো সময়।
‘প্রথম প্রেমের গল্প’-এর নতুন পর্ব প্রতি সোমবার ও মঙ্গলবার এনএএফ এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হচ্ছে। এখন পর্যন্ত প্রথম দুই পর্ব প্রকাশের পর ধারাবাহিকটি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সামনে মৌলিক গল্প দেখানোর যে আশ্বাস নির্মাতা দিয়েছেন, তা পরবর্তী পর্বগুলোতে কীভাবে প্রতিফলিত হয়, সেদিকেই নজর থাকবে দর্শকদের।
Next Post