জানা নিউজ

পাঁচ টাকায় সুবিধাবঞ্চিত শিশুদের ঈদের জামা উপহার দিলেন খোরশেদ

নারায়ণগঞ্জে ঈদুল ফিতর উপলক্ষে পাঁচ শতাধিক সুবিধাবঞ্চিত শিশুকে নতুন জামা উপহার দিয়েছেন করোনাযোদ্ধা, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক সভাপতি ও বিএনপি নেতা মাকসুদুল আলম খন্দকার খোরশেদ। নামমাত্র পাঁচ টাকার বিনিময়ে শিশুদের মাঝে এসব জামা বিতরণ করা হয়।

সোমবার (১৬ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জ শহরের মাসদাইর এলাকায় খোরশেদের কার্যালয়ে ‘টিম খোরশেদ’ ও ‘ওয়ার্কিং ফর বেটার নারায়ণগঞ্জ’-এর যৌথ উদ্যোগে এই ঈদ উপহার বিতরণ করা হয়।

বিগত ২৩ বছর ধরে ১৩ নম্বর ওয়ার্ডে সুবিধাবঞ্চিত ও দুস্থ পরিবারের শিশুদের মাঝে নামমাত্র মূল্যে, কখনও বিনামূল্যে, ঈদের উপহার দিয়ে আসছেন বিএনপি নেতা খোরশেদ।

সেই ধারাবাহিকতায় এ বছরও গরিব ও দুস্থ শিশুদের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ করা হয়েছে।ঈদে নতুন জামা পেয়ে আনন্দিত শিশুরা। তাদের সঙ্গে আসা অভিভাবকরাও খুশি।

ঈদের নতুন জামা নিতে আসা পাঁচ বছরের শিশু মিশুর মা রহিমা বেগম বলেন, আমরা গরিব মানুষ।

ঈদের দিন একটু ভালো খাবার জোগাড় করতেই হিমশিম খেতে হয়। ঈদের কেনাকাটা করবো কোথা থেকে? বাচ্চারা ঈদ এলে নতুন কাপড়ের বায়না ধরে, কিন্তু দিতে পারি না। তাই এখানে ছেলেটার জন্য একটা নতুন জামা নিতে এসেছি। প্রধানমন্ত্রী তারেক রহমান ও খোরশেদ ভাইকে মন থেকে ধন্যবাদ জানাই। ঈদের নতুন জামা পেয়ে আনন্দিত ছয় বছরের শিশু মীম বলে, পাঁচ টাকা দিয়ে জামা কিনেছি। ঈদের নতুন জামা পেয়েছি, ঈদের দিন এটা পরবো।
এ সময় বিএনপি নেতা মাকসুদুল আলম খন্দকার খোরশেদ বলেন, বিএনপির রাজনীতি সবসময় সাধারণ মানুষের জন্য। অসহায় ও দুস্থদের জন্যই বিএনপি রাজনীতি করে। আমাদের নেতা ও বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশ দিয়েছেন, আমরা যেন সামর্থ্য অনুযায়ী দুস্থ ও অসহায়দের পাশে দাঁড়াই।

সেই বোধ থেকেই আমাদের আজকের এই আয়োজন। তিনি আরও বলেন, আমরা চাই সবাই ঈদের আনন্দ ভাগাভাগি করে নিক। ঈদের আনন্দ থেকে কোনো শিশু যেন বঞ্চিত না হয়। যাদের সামর্থ্য নেই, তারাও যেন নতুন জামা পরে ঈদ করতে পারে-সেই লক্ষ্যেই আমাদের এই ক্ষুদ্র চেষ্টা।মাকসুদুল আলম খন্দকার খোরশেদ বলেন, আমরা তাদের কাছ থেকে পাঁচ টাকা নিই, যাতে তারা মনে না করে কেউ দান করেছে। তারা যেন বলতে পারে-আমরা ঈদের নতুন জামা কিনেছি। তাদের খুশিতেই আমাদের ঈদ হয়ে যায়। তাদের কাছ থেকে নেওয়া এই পাঁচ টাকা পরে আবার তাদের জন্য চকলেট কিনে দেওয়া হয়।