পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবন অবলম্বনে নির্মিত বায়োপিক ‘মাইকেল’ বিশ্বজুড়ে ১ বিলিয়ন ডলারের বেশি আয় করে ইতিহাস তৈরি করেছে। প্রথম কিস্তির সাফল্যের পর এবার এর সিক্যুেয়ল নির্মাণের প্রস্তুতি শুরু হয়েছে। আর এই সিনেমাতেই উঠে আসতে পারে মাইকেল জ্যাকসনের জীবনের এমন এক বিতর্কিত অধ্যায়, যা প্রথম ছবিতে দেখানো হয়নি। মাইকেল জ্যাকসনের চরিত্রে অভিনয় করা তার ভাইপো জাফর জ্যাকসন সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, সিক্যুেয়লে পপসম্রাটের বিরুদ্ধে ওঠা শিশু যৌন নির্যাতনের অভিযোগ এবং তার জীবনের পরবর্তী সময়ের ঘটনাগুলো তুলে ধরা হবে। তবে বিষয়গুলো মাইকেলের নিজের দৃষ্টিভঙ্গি থেকে উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন তিনি। প্রথম বায়োপিকটিতে মাইকেল জ্যাকসনের শৈশব, তার ভাইদের সঙ্গে সংগীতচর্চা এবং একক শিল্পী হিসেবে উত্থানের গল্প দেখানো হয়েছে। ১৯৮৮ সালে প্রকাশিত ‘ব্যাড’ অ্যালবামের সাফল্যের সময় পর্যন্ত এগিয়েছে সিনেমাটির গল্প। জাফর বলেন, প্রথম ছবিটি মূলত মাইকেলকে একজন মানুষ হিসেবে দর্শকদের সামনে তুলে ধরার জন্য নির্মাণ করা হয়েছিল। তার শৈশব ও ব্যক্তিত্বের বিভিন্ন দিক বোঝানোর চেষ্টা করা হয়েছে সেখানে। অভিনেতার ভাষায়, ‘প্রথম ছবিটি মাইকেলের শৈশব এবং তার সত্তাকে বোঝার জন্য তৈরি। জীবনের শেষদিন পর্যন্ত তিনি মন থেকে সেই মানুষটিই ছিলেন। যত ঝড়-ঝাপটাই আসুক না কেন, তিনি মানুষের মধ্যে ভালোটাই খোঁজার চেষ্টা করতেন।’ এর আগে ছবিটির পরিচালক অ্যান্টোয়ান ফুকোয়া জানিয়েছিলেন, মূল চিত্রনাট্যে মাইকেলের বিরুদ্ধে ওঠা অভিযোগের কিছু অংশ রাখা হয়েছিল। পরে চিত্রনাট্যে পরিবর্তন এনে ১৯৮৮ সালেই গল্প শেষ করা হয়। এবার সিক্যুেয়লে ১৯৯০-এর দশক থেকে মাইকেল জ্যাকসনের জীবনের শেষ সময় পর্যন্ত বিভিন্ন ঘটনা তুলে ধরার পরিকল্পনা করা হয়েছে। বিশেষ করে তার বিরুদ্ধে ওঠা শিশু যৌন নির্যাতনের অভিযোগগুলোকে গুরুত্ব দেওয়া হবে। তবে জাফরের দাবি, এতদিন যেসব অভিযোগ নিয়ে আলোচনা হয়েছে, সেগুলো মূলত অন্যদের দৃষ্টিভঙ্গি থেকে উপস্থাপিত হয়েছে। এবার মাইকেলের নিজের বক্তব্য ও দৃষ্টিভঙ্গিও তুলে ধরা হবে। জাফর বলেন, ‘দ্বিতীয় ছবিটি তার নিজের দৃষ্টিভঙ্গি থেকে আরও স্পষ্ট ধারণা দেবে। কারণ দিনশেষে, এতদিন যা যা অভিযোগ উঠেছে, তা সব সময় অন্যের দৃষ্টিভঙ্গি থেকে বলা হয়েছে। সেটা অন্য কারও গল্প বা অ্যাজেন্ডা দ্বারা পরিচালিত ধারণা ছিল।’ পরিবারের আক্ষেপের কথাও জানান জাফর। তিনি বলেন, ‘পরিবার হিসেবে আমাদের সবচেয়ে বড় আক্ষেপ ছিল মাইকেলের কথাগুলো সর্বসমক্ষে আনতে না পারা। বিশেষ করে জীবনের শেষদিকে যে কথাগুলো বলা খুব জরুরি ছিল।’ এদিকে প্রথম ‘মাইকেল’ বায়োপিক বিশ্বজুড়ে ১ বিলিয়ন ডলারের বেশি ব্যবসা করেছে। এর ফলে ছবিটি ইতিহাসের অন্যতম সফল বায়োপিক হিসেবে জায়গা করে নিয়েছে। প্রথম কিস্তির এই সাফল্যের পরই সিক্যুেয়ল নিয়ে আগ্রহ বেড়েছে নির্মাতা ও দর্শকদের মধ্যে। প্রযোজনা প্রতিষ্ঠান লায়ন্সগেটের প্রধান অ্যাডাম ফোগেলসন জানিয়েছেন, চলতি বছরের শেষ দিকে অথবা আগামী বছরের শুরুতে সিক্যুেয়লের শুটিং শুরু করার লক্ষ্য রয়েছে। প্রথম ছবির মতো দ্বিতীয় কিস্তিতেও মাইকেলের জীবনের গুরুত্বপূর্ণ মানুষদের উপস্থিতি থাকবে। সিক্যুেয়লে আইনজীবী ও ম্যানেজার জন ব্রাঙ্কার চরিত্রে আবারও অভিনয় করবেন মাইলস টেলার। আর মাইকেল জ্যাকসনের চরিত্রে ফিরবেন জাফর জ্যাকসন। প্রথম ছবিতে যে গল্পটি বলা হয়নি, এবার সেই বিতর্কিত অধ্যায় কীভাবে পর্দায় উপস্থাপন করা হয়, তা নিয়েই এখন দর্শকদের কৌতূহল সবচেয়ে বেশি। বিশেষ করে মাইকেলের নিজের দৃষ্টিভঙ্গি ও তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ-দুই দিককে সিনেমায় কীভাবে ভারসাম্য করা হয়, সেটিই হয়ে উঠতে পারে সিক্যুেয়লের অন্যতম আলোচিত বিষয়।