জানা নিউজ

পরিস্থিতি যুক্তরাষ্ট্রের জন্য ‘অসহনীয়’, আমরা এখনো শুরুই করিনি: ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ

ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ বলেছেন, হরমুজ প্রণালীকে ঘিরে একটি ‘নতুন সমীকরণ’ গড়ে উঠছে এবং বর্তমান ‘স্থিতাবস্থা’ যুক্তরাষ্ট্রের জন্য ‘অসহনীয়’ হয়ে উঠেছে।

মঙ্গলবার সকালে এক্সে দেওয়া এক পোস্টে গালিবাফ বলেন, ‘হরমুজ প্রণালীর নতুন সমীকরণ ক্রমেই সুদৃঢ় হচ্ছে’ এবং বর্তমান পরিস্থিতি বজায় রাখা যুক্তরাষ্ট্রের পক্ষে সম্ভব নয়।

তিনি আরও বলেন, ‘যুদ্ধবিরতি লঙ্ঘন এবং অবরোধ আরোপের মাধ্যমে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা নৌপরিবহন ও জ্বালানি সরবরাহের নিরাপত্তা হুমকির মুখে ফেলেছে; তবে তাদের এই অপচেষ্টা ব্যর্থ হবে।’

গালিবাফের ভাষ্য, ‘আমরা ভালো করেই জানি, বর্তমান পরিস্থিতি যুক্তরাষ্ট্রের জন্য অসহনীয়; অথচ আমরা এখনো প্রকৃত অর্থে শুরুই করিনি।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার পরপরই ইরান হরমুজ প্রণালী দিয়ে বিদেশি জাহাজ চলাচলে অবরোধ আরোপ করে। এর জবাবে ১৩ এপ্রিল ইরানের বন্দর ব্যবহারের ওপর পাল্টা অবরোধ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এদিকে ট্রাম্পের ঘোষিত ‘প্রজেক্ট ফ্রিডম’ কার্যক্রমের লক্ষ্য হচ্ছে হরমুজ প্রণালীতে আটকে পড়া বাণিজ্যিক জাহাজগুলোকে মার্কিন সামরিক সহায়তায় বের করে আনা। তবে ইরানের সামরিক কমান্ড সতর্ক করে জানিয়েছে, প্রণালীর দিকে অগ্রসর হলে যেকোনো মার্কিন নৌযানকে লক্ষ্যবস্তু করা হবে, যা নতুন করে সংঘাত শুরুর ঝুঁকি বাড়িয়েছে।

 

সূত্র: দ্য গার্ডিয়ান