ঢাকার ব্যস্ত সড়কে পথচারীকে মারধরের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা যায়, এক নারী সড়কের মাঝেই এক পথচারীকে আঘাত করছেন। পরে জানা যায়, ওই নারী রাশিয়ান বংশোদ্ভূত বাংলাদেশি মডেল মনিকা কবির। ঘটনাটি ঘটেছে রাজধানীর গুলশান এভিনিউ এলাকায়। ভিডিওতে দেখা যায়, ট্রাফিক সিগন্যালে অসংখ্য গাড়ি আটকে আছে। এ সময় এক পথচারী কাঁধে ব্যাগ নিয়ে রাস্তা পার হওয়ার চেষ্টা করছিলেন। ঠিক তখনই ওই ব্যক্তির ব্যাগ মনিকার কনুইয়ে লাগে বলে ধারণা করা হয়। এরপরই তিনি হাত বাড়িয়ে লোকটিকে ধাক্কা দেন এবং হাতে থাকা ব্যাগ দিয়ে আঘাত করতে শুরু করেন। ভিডিওতে দেখা যায়, কয়েক মুহূর্ত ধরে তিনি ওই ব্যক্তিকে মারধর করছেন। আশপাশে লোকজন থাকলেও কেউ তেমন হস্তক্ষেপ করতে দেখা যায় না। ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর অনেকেই এই ঘটনার সমালোচনা করেছেন। তবে কিছু সামাজিক মাধ্যম ব্যবহারকারী দাবি করছেন, ওই পথচারী নাকি মনিকার প্রতি অশোভন ইঙ্গিত করেছিলেন-যদিও এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। ভিডিওর শেষ দিকে দেখা যায়, মারধরের ঘটনার পর মনিকা ভিডিও ধারণকারী ব্যক্তির দিকে তাকিয়ে একটি ‘ফ্লাইং কিস’ ছুড়ে দেন। মনিকাকে মূলধারার মডেলিংয়ে খুব বেশি সক্রিয় দেখা যায় না। বিভিন্ন সময় ইউটিউব সাক্ষাৎকার ও অনলাইন ভিডিওতে উপস্থিত হয়ে নানা বক্তব্য ও কর্মকাণ্ডের কারণে তিনি সামাজিক মাধ্যমে আলোচনায় এসেছেন। এবার রাজধানীর সড়কে পথচারীকে মারধরের ভিডিও ছড়িয়ে পড়ার পর নতুন করে আলোচনায় এলেন তিনি।