জানা নিউজ

নেপালে এভারেস্ট অঞ্চলে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ১

নেপালে মাউন্ট এভারেস্টের কাছের একটি হেলিপোর্টে অবতরণের সময় দুটি হেলিকপ্টারের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক ভারতীয় পর্যটক নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় নিউজিল্যান্ডের এক নাগরিক ও দুই পাইলট আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে কাঠমান্ডুতে নেয়া হয়েছে। দুর্ঘটনার সময় হেলিকপ্টার দুটিতে কতজন যাত্রী ছিলেন, তা এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ। বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, গতকাল মঙ্গলবার সকালে সোলুখুম্বু জেলার ফেরিচে এলাকায় ফিশটেইল এয়ার ও এয়ার ডাইনেস্টির হেলিকপ্টার দুটির সংঘর্ষের এই ঘটনা ঘটে। সোলুখুম্বু জেলার প্রধান জেলা কর্মকর্তা কামান সিং থাপা মাগার রয়টার্সকে বলেন, আহত নিউজিল্যান্ডের নাগরিককে উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার একটি কথিত ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, অবতরণের ঠিক আগমুহূর্তে দুটি হেলিকপ্টারের পাখা বা রোটর ব্লেড একে অপরের সঙ্গে ধাক্কা খায় ও মুহূর্তের মধ্যে হেলিকপ্টার দুটি বরফাবৃত মাটিতে আছড়ে পড়ে। কাঠমান্ডু পোস্টের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় সকাল ৮টা ১১ মিনিটের দিকে ফিশটেইল এয়ার ও এয়ার ডাইনেস্টির হেলিকপ্টার দুটি সংঘর্ষে জড়ায়। সোলুখুম্বু জেলার পুলিশ পরিদর্শক মৌসম তামাং জানান, নিহত ব্যক্তি ভারতীয় নাগরিক বসন্ত কুমার বালারামারামাডু। তিনি ফিশটেইল এয়ারের হেলিকপ্টারে ছিলেন। একই হেলিকপ্টারে থাকা ভারতীয় বংশোদ্ভূত নিউজিল্যান্ডের নাগরিক শৈলেশ কৃষ্ণ প্যাটেল সংঘর্ষে আহত হন। হেলিকপ্টার দুটির পাইলটও সামান্য আহত হয়েছেন। চিকিৎসার জন্য তাদের কাঠমান্ডুতে নেয়া হয়েছে। পর্যটক, পর্বতারোহী, জরুরি সামগ্রী পরিবহন ও উদ্ধারকাজের জন্য নেপালের পাহাড়ি অঞ্চলে ছোট হেলিকপ্টার ব্যাপকভাবে ব্যবহৃত হয়। তবে দেশটির দুর্গম ভূখণ্ড ও দ্রুত পরিবর্তনশীল আবহাওয়া বিমান খাতকে বরাবরই ঝুঁকিপূর্ণ করে তুলেছে। বিশেষজ্ঞদের মতে, উচ্চ পাহাড়ি অঞ্চলে বাতাস খুব পাতলা থাকে। ফলে রোটর ব্লেডগুলো ধাক্কা দেওয়ার মতো পর্যাপ্ত বায়ুকণা পায় না, উল্লেখযোগ্যভাবে কম লিফট উৎপন্ন হয়। এছাড়া কম ঘনত্বের বাতাসে ইঞ্জিনের জন্য দক্ষ দহন প্রক্রিয়া বজায় রাখা কঠিন হয়ে পড়ায় বিমানের শক্তি কমে যায়, যা পাহাড়ি অঞ্চলে হেলিকপ্টার পরিচালনার কাজকে খুব কঠিন করে তোলে।