সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে অংশ নিতে সহকারী অ্যাটর্নি জেনারেল পদ থেকে পদত্যাগ করেছেন মো. তারিকুল ইসলাম। মঙ্গলবার (৫ মে) তিনি অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে পদত্যাগপত্র জমা দেন এবং পরে বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন।
জানা গেছে, আসন্ন ২০২৬-২৭ সেশনের সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে সহসম্পাদক পদে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। যদিও আইনগতভাবে পদে বহাল থেকেও নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ ছিল, তবু নৈতিকতার প্রশ্নে তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর পথ বেছে নেন।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তারিকুল ইসলাম বলেন, “আইনগতভাবে সমস্যা না থাকলেও আমি মনে করেছি দায়িত্বে থেকে নির্বাচন করা নৈতিকতার সঙ্গে সাংঘর্ষিক। এজন্যই পদত্যাগ করেছি।” তিনি আরও জানান, তার পদত্যাগপত্র দ্রুত গৃহীত হবে বলে আশা করছেন এবং এ বিষয়ে আইন মন্ত্রণালয় প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, বিচারপতি এ কে এম জাহিরুল হকের কোর্টে দায়িত্ব পালনরত অবস্থায়ই তিনি নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তাই দায়িত্বে থেকে প্রতিদ্বন্দ্বিতা না করে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন।
নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে নিজের প্রস্তুতিও শুরু করেছেন তিনি। জানান, ‘সবুজ প্যানেল’ থেকে সহসম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং সহকর্মী আইনজীবীদের সহযোগিতা কামনা করেছেন।
সংশ্লিষ্টরা বলছেন, সরকারি গুরুত্বপূর্ণ আইন কর্মকর্তার পদ থেকে স্বেচ্ছায় সরে দাঁড়িয়ে নির্বাচনে অংশ নেওয়ার এই সিদ্ধান্ত পেশাগত নৈতিকতার একটি দৃষ্টান্ত হিসেবেও দেখা যেতে পারে। এতে নির্বাচনী প্রতিযোগিতা আরও স্বচ্ছ হবে বলেও মনে করছেন অনেকে।