জানা নিউজ

নিজের ভুলটা আগে দেখুন, পরে মাজার ভাঙার সিদ্ধান্ত নেবেন: প্রতিমন্ত্রী ফরহাদ

পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, নিজের ভুলটা আগে দেখুন- কি করছেন, তারপর মাজার ভাঙ্গার সিদ্ধান্ত নেবেন।

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে র‍্যালি ও জশনে জুলুসে অংশগ্রহণ করে মাজার ও তরিকা নিয়ে সহিংসতার বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি আরও বলেন, মাজার ভাঙার আগে সংশ্লিষ্টদের নিজেদের ভুল ও অন্যায়গুলো পর্যালোচনা করা উচিত।

 বুধবার (২৬ আগস্ট) সকালে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার পৌর সদরের বিজয় চত্বরে অনুষ্ঠিত ঈদে মিলাদুন্নবীর অনুষ্ঠানে উপস্থিত থেকে তিনি এ কথা বলেন।শান্তিপূর্ণভাবে ধর্মীয় মত ও বিশ্বাস প্রকাশের আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ধর্মের নামে হিংসা-হামলা বা বিভ্রান্তিকর প্রচারণা গ্রহণযোগ্য নয়।বাংলাদেশে হিন্দু, মুসলমান, বৌদ্ধ ও খ্রিস্টানসহ সব সম্প্রদায়ের মানুষকে নিয়েই অসাম্প্রদায়িক চিন্তায় দেশ পরিচালনা করতে হবে। কোনো পক্ষ মাজার বা তরিকা নিয়ে সহিংস কর্মকাণ্ডে জড়ালে সরকার তা মেনে নেবে না।

গত অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে দেশের বিভিন্ন স্থানে ১২৭টি মাজারে হামলার ঘটনা ঘটেছে। এ ছাড়া ফরিদপুরে একজন মাজারপন্থী মুসলমানকে আগুনে পুড়িয়ে মারা হয়েছে, এটা কোন ইসলাম?ধর্মের নামে বাড়াবাড়ি ও বিভ্রান্তিকর প্রচারণার সমালোচনা করে তিনি বলেন, কোনো রাজনৈতিক প্রতীকে ভোট দিলে জান্নাত এবং অন্যদের ভোট দিলে জাহান্নাম- এ ধরনের বক্তব্য দিয়ে সাধারণ মুসলমানদের বিভ্রান্ত করা হয়েছে।ইসলাম কাউকে জোর করে ধর্মে অন্তর্ভুক্ত করার শিক্ষা দেয় না।

মিলাদুন্নবীর আয়োজন নিয়ে প্রতিমন্ত্রী আজাদ বলেন, নবী করিম (সা.)-এর আদর্শ ও তরিকাকে সম্মান করার পাশাপাশি ধর্মীয় সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে হবে। হিন্দু, মুসলমান, বৌদ্ধ ও খ্রিস্টানসহ সব সম্প্রদায়ের মানুষের অধিকার ও ধর্মীয় বিশ্বাসের প্রতি সম্মান দেখানোর আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে আহলে সুন্নত ওয়াল জামা’য়াতের দেবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি হামিদুল ইসলামের সভাপতিত্বে উপজেলা শাখার উপদেষ্টা মণ্ডলীর প্রধান গোলাম মাহবুব জিহাদি, পঞ্চগড় জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেল, পঞ্চগড় পৌর বিএনপির সদস্য অ্যাডভোকেট এম এ বারী, দেবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি আব্দুল গনি বসুনিয়া, পৌর বিএনপির সভাপতি সরকার ফরিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আশরাফুল আলম সোহেল, পঞ্চগড় জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান জাপানসহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ও মুসল্লিরা উপস্থিত ছিলেন।