জানা নিউজ

নারী টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু বাংলাদেশের

ফিফা বিশ্বকাপের উন্মাদনার মধ্যেই শুরু হয়েছে নারী টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ। ইংল্যান্ড ও ওয়েলসে ১২ জুন শুরু হওয়া এই টুর্নামেন্টে বাংলাদেশের মিশন শুরু হচ্ছে আজ থেকে।

প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ নেদারল্যান্ডস। বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় বার্মিংহামে ম্যাচটি শুরু হবে।
বিশ্বকাপের আগে বাংলাদেশের প্রস্তুতি খুব একটা সুখকর হয়নি। নিউজিল্যান্ড ও আয়ারল্যান্ডের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচেই হেরেছে জ্যোতির দল।

এর আগে স্কটল্যান্ডে খেলা ত্রিদেশীয় সিরিজও ভালো কাটেনি বাংলাদেশের।
২০১৪ সালে প্রথমবার নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিয়েই দুটি জয় পেয়েছিল বাংলাদেশ।
কিন্তু এরপর টানা এক দশক বিশ্বকাপের মঞ্চে জয়হীন থাকতে হয়েছে দলকে। সেই দীর্ঘ অপেক্ষার অবসান ঘটে ২০২৪ সালের আসরে স্কটল্যান্ডকে হারিয়ে। তবে এবার ভালো করতে আত্মবিশ্বাসী নিগার সুলতানার বাংলাদেশ। নিজেদের বিশ্বকাপ ম্যাচ নিয়ে জ্যোতি বলেন, ‘প্রথমত, এই টুর্নামেন্টে ভালোভাবে শুরু করার জন্য এটি আমাদের জন্য একটি দারুণ সুযোগ। আমরা তাদের বিপক্ষে খেলেছি এবং তারা এই কন্ডিশনে খুবই ভালো দল। তাই আমরা অবশ্যই আমাদের সেরা খেলাটা খেলতে চাই। আমরা এডিনবরায় তাদের বিপক্ষে খেলেছিলাম। আমার মনে হয় তাদের ব্যাটিং ইউনিট খুবই শক্তিশালী। বোলিংয়েও তারা ভালো করছে এবং সাম্প্রতিক সময়ে বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলছে। তাই আজ আমরা আমাদের সেরা পারফরম্যান্স দেওয়ার জন্য প্রস্তুত থাকতে চাই।’দলের পেসার মারুফার সুইং নিয়ে জ্যোতি বলেন, ‘সে পুরোপুরি প্রস্তুত। আমি মনে করি সে একদম তৈরি এবং এখন বেশ ফ্রেশ। সে খুবই আক্রমণাত্মক মানসিকতার এবং আমরা সবাই তার প্রতিভা সম্পর্কে জানি। আগামীকাল সে কীভাবে পারফর্ম করে, সেটাই দেখার অপেক্ষায় আছি।’
১২ দলের এই বিশ্বকাপে দলগুলোকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। বাংলাদেশ রয়েছে গ্রুপ-১ এ। এই গ্রুপের অন্য দলগুলো  অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ভারত, পাকিস্তান ও নেদারল্যান্ডস। গ্রুপ-২ এ রয়েছে স্বাগতিক ইংল্যান্ড, নিউজিল্যান্ড, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজ।
কঠিন গ্রুপে পড়লেও আত্মবিশ্বাসী বাংলাদেশ অধিনায়ক। তার ভাষায়, “আমরা বিশ্বাস করি যেকোনো ম্যাচই জেতা সম্ভব এবং এবার আমরা আমাদের সর্বকালের সেরা টুর্নামেন্ট খেলতে চাই।’

নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচের পর ১৭ জুন হেডিংলিতে অস্ট্রেলিয়া, ২০ জুন সাউদাম্পটনে পাকিস্তান, ২৫ জুন ওল্ড ট্র্যাফোর্ডে ভারত এবং ২৮ জুন লর্ডসে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ।

প্রস্তুতি পর্ব প্রত্যাশিত না হলেও  নতুন স্বপ্ন আর আত্মবিশ্বাস নিয়ে বিশ্বকাপ মিশন শুরু করছে বাংলাদেশের মেয়েরা। প্রথম ম্যাচেই জয় দিয়ে অভিযান শুরু করার লক্ষ্য জ্যোতিদের।