জানা নিউজ

নতুন সিনেমায় যুক্ত হলেন শরিফুল রাজ

নির্মাতাদের ভরসার নাম হয়ে উঠেছেন শরিফুল রাজ। ‘আইসক্রিম’ দিয়ে শুরু হওয়া ক্যারিয়ারকে তিনি ক্রমশ উঁচুতে নিয়ে যাচ্ছেন। এ বছরই বাজিমাত করেছিলেন তানিম নূরের ‘বনলতা এক্সপ্রেস’ দিয়ে। হাতে রয়েছে একগুচ্ছ সিনেমা। এর মধ্যেই নতুন সিনেমায় যুক্ত হলেন রাজ। নির্মাণে সৈয়দ শাকিল। যিনি ‘ছায়াবাজি’ ও ‘ইউএনও স্যার’ নামে দুটি ওয়েব ফিল্ম বানিয়েছেন। এবার প্রথমবার বানাবেন পূর্ণদৈর্ঘ সিনেমা। তবে সিনেমার নাম এখনো চূড়ান্ত করেননি। গত মঙ্গলবার রাতে রাজের সঙ্গে চুক্তিস্বাক্ষর সম্পন্ন করেছেন নির্মাতা। সে ছবি দিয়ে সিনেমার ঘোষণাও দিলেন। সিনেমা ও অন্য শিল্পীদের নাম আপাতত গোপন রাখছেন। আগামী সপ্তাহে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মাধ্যমে সেসব জানানো হবে বলে জানান নির্মাতা। সৈয়দ শাকিল জানান, এমন একটি গল্প তিনি বড় পর্দায় তুলে ধরবেন, যেটা মানুষ পরিবার নিয়ে উপভোগ করতে পারবে। শাকিল বলেন, ‘একসময় আমাদের দেশে পরিবারের সবাই একসঙ্গে সিনেমা দেখত। যাকে বলা হতো সামাজিক সিনেমা। আমি সে ধরনের ইমোশনাল একটি সামাজিক গল্পের সিনেমা বানাতে চাই, যা দর্শকদের আবেগপ্রবণ করে তুলবে।’ রিভেঞ্জ ফিল্মস লিমিটেডের ব্যানারে নতুন এই সিনেমাটি প্রযোজনা করছেন সোহানা সাদী, স্নিগ্ধা সাদী ও সারহান শাহরিয়ার সাদী সীমান্ত। নির্মাতা শাকিল জানান, এই ডিসেম্বর কিংবা নতুন বছরের জানুয়ারিতে শুটিংয়ের পরিকল্পনা সাজাচ্ছেন তারা। আর সিনেমাটি মুক্তি পেতে পারে কোরবানির ঈদে। এদিকে কোরবানির ঈদে শরিফুল রাজের আরেকটি সিনেমাও আসার কথা রয়েছে। আয়মান হাসিব স্বাধীন ও সুস্ময় সরকারের যৌথ নির্মাণে সিনেমাটির নাম ‘কালাভুনা প্যারাডক্স’। এটি মোহাইমিনুল ইসলাম বাপ্পীর লেখা একই নামের উপন্যাস থেকে নির্মিত হচ্ছে। সিনেমায় রাজের সঙ্গে থাকছেন সাবিলা নূর।