জানা নিউজ

নতুন পে স্কেলে ৮ বছরেই উচ্চতর গ্রেড, বাড়ি ভাড়া বাড়বে ২০২৮ থেকে

নতুন জাতীয় বেতনস্কেল ২০২৬–এ সরকারি কর্মচারীদের জন্য একই পদে আট বছর চাকরি পূর্ণ হলে পদোন্নতি ছাড়াই পরবর্তী উচ্চতর গ্রেড দেওয়ার বিধান রাখা হয়েছে। প্রথম উচ্চতর গ্রেড পাওয়ার পর একই পদে আরও ছয় বছর চাকরি করলে দ্বিতীয় উচ্চতর গ্রেড পাওয়ার সুযোগ থাকবে।

তবে একই পদে এই সুবিধা সর্বোচ্চ দুইবার নেওয়া যাবে।গত ১৭ সেপ্টেম্বর জারি করা প্রজ্ঞাপন ১৯ সেপ্টেম্বর প্রকাশিত জাতীয় বেতনস্কেল ২০২৬–এর গেজেটে বেতন নির্ধারণ, উচ্চতর গ্রেড, পেনশন, চিকিৎসা, বাড়ি ভাড়া, শিক্ষা ও অন্যান্য ভাতা সম্পর্কে বিস্তারিত বিধান দেওয়া হয়েছে।

গেজেট বলা হয়েছে, ১ জুলাই ২০২৬ তারিখের আগে যেসব স্থায়ী কর্মচারীর চাকরির আট বছর পূর্ণ হয়েছে, কিন্তু ১০ বছর পূর্ণ হয়নি, তারাও ১ জুলাই থেকেই উচ্চতর গ্রেড পাওয়ার যোগ্য হবেন। তবে চাকরি সন্তোষজনক হতে হবে।

প্রথম উচ্চতর গ্রেড পাওয়ার পর একই পদে আরও ছয় বছর চাকরি করলে সপ্তম বছরে পরবর্তী উচ্চতর গ্রেড পাওয়া যাবে। এই উচ্চতর গ্রেডকে পদোন্নতি হিসেবে গণ্য করা হবে না।

এই সুবিধা বেতনস্কেলের চতুর্থ গ্রেড পর্যন্ত প্রযোজ্য হবে। চতুর্থ গ্রেড বা তার ওপরে থাকা কর্মচারী এই সুবিধা নিয়ে তৃতীয় বা তার ওপরে গ্রেডে যেতে পারবেন না।একই পদে সর্বোচ্চ দুইবার

গেজেটে বলা হয়েছে, কোনো স্থায়ী কর্মচারী একই পদে উচ্চতর গ্রেডের আর্থিক সুবিধা দুইবারের বেশি পাবেন না। আগের বেতনস্কেলগুলোর আওতায় একই পদে দুই বা ততোধিক সিলেকশন গ্রেড, টাইম স্কেল বা উচ্চতর গ্রেড পেয়ে থাকলে নতুন বেতনস্কেলের আওতায় ওই পদে আর উচ্চতর গ্রেড পাওয়া যাবে না।

তবে ৩০ জুন ২০২৬ পর্যন্ত একই পদে যদি কোনো কর্মচারী মাত্র একটি উচ্চতর স্কেল বা গ্রেড পেয়ে থাকেন, তাহলে পরবর্তী ছয় বছর পূর্তিতে দ্বিতীয় উচ্চতর গ্রেড পাওয়ার সুযোগ থাকবে।

পদোন্নতির কোনো বিধান নেই এমন ‘ব্লকড’ পদে কর্মরত কর্মচারীদের জন্য তৃতীয় উচ্চতর গ্রেডেরও সুযোগ রাখা হয়েছে। তবে প্রথম ও দ্বিতীয় উচ্চতর গ্রেড পাওয়ার পর একই পদে আরও আট বছর চাকরি পূর্ণ করতে হবে। এ সুবিধা একই পদে পুরো চাকরিজীবনে সর্বোচ্চ তিনবার পাওয়া যাবে।