জানা নিউজ

দুর্গাপূজার নিরাপত্তায় সীমান্তে বিজিবির ১৮টি বেস ক্যাম্প

সীমান্তের ৮ কিলোমিটারের মধ্যে অবস্থিত প্রায় ১ হাজার ৮০০টি পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে ১৮টি বেস ক্যাম্প স্থাপনের পরিকল্পনা নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে রমনা কালীমন্দির পরিদর্শনকালে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী এ কথা জানান।

 

মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বলেন, দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছে বিজিবি। ইতোমধ্যে সংশ্লিষ্ট ইউনিটের সদস্যরা পূজামণ্ডপ পরিদর্শন এবং পূজা উদ্‌যাপন কমিটির নেতাদের সঙ্গে সমন্বয় করেছেন।

তিনি আরও বলেন, পূজামণ্ডপের নিরাপত্তা তদারকি ও দ্রুত সমন্বয়ের জন্য বিজিবি সদর দপ্তরে সার্বক্ষণিক কন্ট্রোল রুম চালু করা হয়েছে। এ ছাড়া ‘শারদীয় সুরক্ষা অ্যাপ’-এর মাধ্যমে যে কোনো সমস্যা বা জরুরি পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে যোগাযোগ করা যাবে।

গোয়েন্দা সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে তথ্য সংগ্রহ ও ঝুঁকি মূল্যায়নের মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে জানিয়ে বিজিবি মহাপরিচালক বলেন, দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদ্‌যাপনে বিজিবি প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রস্তুত রয়েছে।

পরিদর্শনকালে বিজিবি মহাপরিচালক রমনা কালীমন্দির সর্বজনীন পূজা উদ্‌যাপন কমিটির সভাপতি ও অন্যান্য সদস্যের সঙ্গে মতবিনিময় করেন এবং সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানান।

এ সময় বিজিবি সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস অ্যান্ড ট্রেনিং), ঢাকা সেক্টর কমান্ডারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।