জানা নিউজ

ডেঙ্গু প্রতিরোধে পদক্ষেপ নিতে ঢাবি উপাচার্যের কাছে ছাত্রদলের স্মারকলিপি

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে ছাত্রদল।

রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে উপাচার্য এ বি এম ওবায়দুল ইসলামের কাছে এ দাবিতে স্মারক দিয়েছে সংগঠনটি। স্মারকলিপিতে বলা হয়, দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ উদ্বোধন করেছেন। এরই ধারাবাহিকতায় ছাত্রদলের ঢাবি শাখা আজ থেকে ক্যাম্পাসে ডেঙ্গু প্রতিরোধ ও পরিবেশ পরিচ্ছনতাবিষয়ক সচেতনতামূলক বিলবোর্ড স্থাপন ও লিফলেট বিতরণ কর্মসূচি শুরু করছে।

ক্যাম্পাসের পরিবেশ পরিচ্ছন্নতার বিষয়ে বিগত ৪ আগস্ট আপনার বরাবর প্রদানকৃত স্মারকলিপিতে উল্লিখিত দাবিগুলোর বাস্তবায়ন বিদ্যমান ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে বলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বিশ্বাস করে। বিশেষত ক্যাম্পাসের প্রতি ১৫০-২০০ মিটার ব্যাসার্ধের মধ্যে ন্যূনতম একটি করে ডাস্টবিন স্থাপন ও রক্ষণাবেক্ষণ এবং প্রয়োজনে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণে প্রতিটি হল ও একাডেমিক ভবনে মাসে অন্তত দুইবার ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা বর্তমান পরিস্থিতিতে অত্যাবশ্যকীয় হয়ে দাঁড়িয়েছে।

তাই উপরোক্ত কার্যক্রম বাস্তবায়নে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে প্রয়োজনীয় ক্ষেত্রে স্বেচ্ছাসেবার ভিত্তিতে সার্বিক সহযোগিতা করতেও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাবি প্রস্তত রয়েছে। ক্যাম্পাসে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার জন্য উপরোক্ত কর্মসূচিগুলোসহ প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়ার লক্ষ্যে আপনার নেতৃত্বাধীন ঢাবি প্রশাসন কর্তৃক যথাযথ ব্যবস্থা নিতে যেন আপনার সদয় মর্জি হয়।