জানা নিউজ

টাঙ্গাইলে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

টাঙ্গাইলে স্ত্রী  হত্যার দায়ে আবদুল গফুর নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। রোববার (২৩ আগস্ট) টাঙ্গাইলের সিনিয়র দায়রা জজ মো. হাফিজুর রহমান এ রায় দেন। দণ্ডিত আবদুল গফুর টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার মালেঙ্গা গ্রামের বাসিন্দা।

আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) মো. শফিকুল ইসলাম রিপন জানান, প্রায় ৩০ বছর আগে ঘাটাইল উপজেলার মাকড়াই গ্রামের মৃত কোপাত আলীর মেয়ে সেলিনা খাতুনকে বিয়ে করেন আবদুল গফুর। তাদের চার সন্তান রয়েছে।
বিয়ের পর থেকেই পারিবারিক নানা বিষয় নিয়ে তাদের মধ্যে বিরোধ চলে আসছিল। ঘটনার আনুমানিক তিন মাস আগে স্বামী গফুরের নামে আদালতে যৌতুকের মামলা করেন সেলিনা।
২০২২ সালের ২০ নভেম্বর মামলা আপস-মীমাংসার উদ্দেশ্যে স্থানীয় ইউপি সদস্যের বাড়িতে যান সেলিনা। বিকেলে সেখান থেকে ফেরার পথে আবদুল গফুর সেলিনাকে মামলা তুলে নেওয়ার জন্য চাপ দেন। সেলিনা মামলা তুলে নিতে রাজি না হওয়ায় ক্ষিপ্ত হয়ে ওঠেন আবদুল গফুর। তিনি সেলিনাকে নির্জন জঙ্গলে নিয়ে ওড়না দিয়ে গলায পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন। এরপর মৃত্যু নিশ্চিত করে লাশ পাশের ডোবায় ফেলে পালিয়ে যান। পরদিন ২১ নভেম্বর বিকেলে মাকড়াই গ্রামের ইমান আলীর বাড়ির দক্ষিণ পাশে জঙ্গল থেকে সেলিনার লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় সেলিনার ভাই মো. আবদুল মান্নান বাদী হয়ে ঘাটাইল থানায় একটি হত্যা মামলা করেন। পুলিশ আবদুল গফুরকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা ঘাটাইল থানার উপ-পরিদর্শক (এসআই) সাজ্জাদ হোসেন ২০২২ সালের ৩১ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র জমা দেন।

আদালতে মোট ১২ জনের সাক্ষ্য নেওয়া হয়। তথ্য প্রমাণের ভিত্তিতে রোববার এ রায় দেন আদালত।