রাজধানীর যাত্রাবাড়ীর একটি স্কুলে টয়লেটের ভেতর অচেতন হয়ে পড়েছিল সপ্তম শ্রেণির এক ছাত্র। দীর্ঘ সময় ধরে ভেতর থেকে দরজা বন্ধ থাকায় সন্দেহ হয় উপস্থিতদের।
ডাকাডাকি করেও কোনো সাড়াশব্দ না পেয়ে শেষ পর্যন্ত জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করা হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিস।পরে দরজা ভেঙে অচেতন অবস্থায় ওই ছাত্রকে উদ্ধার করা হয়।বৃহস্পতিবার (১৬ জুলাই) বেলা আনুমানিক আড়াইটার দিকে যাত্রাবাড়ী থানাধীন পোস্তগোলা এলাকার উত্তর কুতুবখালী উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার জানান, ওই সময় নিগার সুলতানা নামে এক নারী ৯৯৯ নম্বরে ফোন করে জানান, বিদ্যালয়ের একটি বাথরুমের দরজা দীর্ঘ সময় ধরে ভেতর থেকে বন্ধ রয়েছে। ভেতরে একজন ছাত্র থাকলেও অনেকক্ষণ ধরে তার কোনো সাড়াশব্দ পাওয়া যাচ্ছে না।
ফোন পেয়ে ৯৯৯ থেকে দ্রুত উদ্ধারের জন্য বিষয়টি পোস্তগোলা ফায়ার সার্ভিস স্টেশনকে জানানো হয়। পরে পোস্তগোলা ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে সপ্তম শ্রেণির ছাত্র নিরব বিশ্বাসকে (১৪) উদ্ধার করে। জানা যায়, টয়লেটের ভেতর অচেতন হয়ে পড়েছিল সে। উদ্ধারকারী দলের নেতৃত্ব দেওয়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সাজেদুল কবির জোয়ার্দার ৯৯৯ কর্তৃপক্ষকে বিষয়টি নিশ্চিত করেন।