ইস্টার উৎসবের ব্যস্ততা এবং মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির জেরে জ্বালানি সংকটে পড়েছে ইতালির প্রধান চারটি বিমানবন্দর। উদ্ভূত পরিস্থিতিতে আগামী ৯ এপ্রিল পর্যন্ত উড়োজাহাজে জ্বালানি সরবরাহের ওপর সীমাবদ্ধতা আরোপ করেছে প্রধান সরবরাহকারী প্রতিষ্ঠান ‘এয়ার বিপি’। গতকাল সোমবার ইতালীয় সংবাদ সংস্থা আনসার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, বোলোগনা, মিলান লিনাতে, ট্রেভিসো এবং ভেনিস্ত এই চারটি বিমানবন্দরে বর্তমানে জ্বালানি সংকটের কারণে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। এয়ার বিপি’র পক্ষ থেকে জানানো হয়েছে, এয়ার অ্যাম্বুলেন্স, রাষ্ট্রীয় বিশেষ ফ্লাইট এবং তিন ঘণ্টার অধিক সময়ের দীর্ঘ পাল্লার ফ্লাইটগুলোকে জ্বালানি সরবরাহে অগ্রাধিকার দেওয়া হবে। তবে সাধারণ বাণিজ্যিক ও অভ্যন্তরীণ ফ্লাইটের ক্ষেত্রে ৯ এপ্রিল পর্যন্ত বরাদ্দ সীমিত রাখা হবে। ইতালীয় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এর সভাপতি পিয়েরলুইজি ডি পালমা জানিয়েছেন, মূলত ইস্টারের ছুটিতে অতিরিক্ত যাত্রী ও বিমান চলাচলের চাপের কারণে এই জ্বালানি সমস্যা দেখা দিয়েছে। তবে তিনি সতর্ক করে বলেন, মধ্যপ্রাচ্যের সংঘাত দীর্ঘস্থায়ী হলে এর ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে। উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানজুড়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর থেকেই মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। ওই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনিসহ এ পর্যন্ত ১ হাজার ৩৪০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। এর প্রতিবাদে ইরানও পাল্টা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল সীমিত করেছে। যার সরাসরি প্রভাব পড়ছে বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহে।