জানা নিউজ

চার বছরের মধ্যে আসছে ‘ইউনিভার্সাল ফ্যামিলি কার্ড’

সামাজিক সুরক্ষা জোরদার করতে আগামী চার বছরের মধ্যে ‘ইউনিভার্সাল ফ্যামিলি কার্ড’ চালুর ঘোষণা দিয়েছে সরকার। রোববার (২৯ মার্চ) সচিবালয়ে বিশ্বব্যাংকের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে এ তথ্য জানান সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

মন্ত্রী জানান, এই কার্ড প্রতিটি পরিবারের নারী প্রধানের নামে ইস্যু করা হবে। এটি শুধু সহায়তার মাধ্যমই নয়, বরং নারীকে নাগরিক হিসেবে একটি সম্মানজনক স্বীকৃতি দেবে। বর্তমানে পরীক্ষামূলকভাবে চালু থাকা ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি ধীরে ধীরে সম্প্রসারণ করে সারাদেশে পৌঁছে দেওয়া হবে।

বৈঠকে মন্ত্রী আরও জানান, এখন পর্যন্ত ৩৭ হাজার ৫৬৭টি পরিবারের নারী প্রধানের নামে ফ্যামিলি কার্ড ইস্যু করা হয়েছে। এসব পরিবার প্রতি মাসে ২ হাজার ৫০০ টাকা করে আর্থিক সহায়তা পাচ্ছে। সরকারের অন্যতম নির্বাচনি প্রতিশ্রুতি হিসেবে এই কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী বলেন, “আগামী চার বছরের মধ্যে ইউনিভার্সাল ফ্যামিলি কার্ড ইস্যু করা হবে। এটি প্রতিটি পরিবারের নারী প্রধানের নামে দেওয়া হবে, যা নাগরিক হিসেবে একটি সম্মানজনক স্বীকৃতি।” তিনি আরও বলেন, “সামাজিক সুরক্ষা জোরদার এবং গ্রাহকবান্ধব সেবা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।”

বৈঠকে বাংলাদেশে নিযুক্ত বিশ্বব্যাংকের বিভাগীয় পরিচালক জঁ পেম এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, পরিবারের নারী প্রধানের নামে ফ্যামিলি কার্ড ইস্যু সামাজিক সুরক্ষা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে এই কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস দেন এবং সামাজিক নিরাপত্তা ও সুশাসন প্রতিষ্ঠায় যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

এ সময় সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীনসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে উভয় পক্ষ ফ্যামিলি কার্ড কর্মসূচির টেকসই বাস্তবায়নে একসঙ্গে কাজ করার বিষয়ে সম্মত হয়।