ব্রেন টিউমারে আক্রান্ত ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টির মস্তিষ্কে সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। রোববার বিকেলে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে প্রায় চার ঘণ্টাব্যাপী জটিল এই সার্জারি করা হয়। বর্তমানে তাঁকে ২৪ ঘণ্টার জন্য চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
অসুস্থতার খবরটি প্রথম জানানো হয় তাঁর ফেসবুক অ্যাকাউন্ট থেকে। সেখানে লেখা হয়, “আমাদের সবার প্রিয় তানিয়া বৃষ্টি বর্তমানে শারীরিকভাবে বেশ অসুস্থ। এ মুহূর্তে তাঁর সম্পূর্ণ বিশ্রাম ও চিকিৎসা প্রয়োজন। শুটিং বা কাজসংক্রান্ত বিষয়ে আপাতত ফোনকল বা খুদে বার্তা দিয়ে বিরক্ত না করার অনুরোধ করছি।”
ভালোবাসা দিবস শনিবার হাসপাতালের বেডে বসা একটি ছবি পোস্ট করে তানিয়া নিজেই লিখেছিলেন, “কাল আমার মাথায় অস্ত্রোপচার, দোয়া করবেন সবাই। ব্রেন টিউমার।” সেই পোস্ট প্রকাশের পর থেকেই সহশিল্পী ও ভক্তদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। একই দিন সন্ধ্যায় অস্ত্রোপচারের প্রস্তুতির জন্য হাসপাতালে ভর্তি হন তিনি।
পরিচালক সকাল আহমেদ জানান, বেশ কিছুদিন ধরে তানিয়া তীব্র মাথাব্যথা ও শারীরিক অস্বস্তিতে ভুগছিলেন। প্রথমে বিষয়টি গুরুত্ব না দিলেও অবস্থার অবনতি হলে তাঁকে উত্তরার একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষা-নিরীক্ষায় ব্রেন টিউমার ধরা পড়ে। পরে উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে নেওয়া হয় এবং অস্ত্রোপচারের সিদ্ধান্ত হয়।
রোববার সন্ধ্যায় সকাল আহমেদ বলেন, “অস্ত্রোপচার সফল হয়েছে। ডাক্তাররা জানিয়েছেন আপাতত কোনো জটিলতা নেই। তাঁকে পোস্ট অপারেটিভ কেয়ারে রাখা হয়েছে। পর্যবেক্ষণ শেষে কেবিনে নেওয়া হবে।”
রোববার রাত পৌনে ১১টায় নির্মাতা হাসান রেজাউল ফেসবুকে লেখেন, “আল্লাহর রহমতে অভিনেত্রী তানিয়া বৃষ্টির সার্জারি সফলতার সঙ্গে সম্পন্ন হয়েছে। প্রায় ৪ ঘণ্টার অপারেশন শেষে টিউমার অপসারণ হয়েছে। আগামী ২৪ ঘণ্টা অবজারভেশনে থাকবে। পোস্ট অপারেটিভ জটিলতা থাকতে পারে, তাই এখনই বিপদমুক্ত বলা যাচ্ছে না। সবাই দোয়া করবেন।”
নির্মাতা ইমরাউল রাফাতও জানিয়েছেন, অস্ত্রোপচার সফল হলেও পরবর্তী সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। চিকিৎসকেরা বলছেন, অস্ত্রোপচারের পরবর্তী ২৪ থেকে ৪৮ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে। এ সময় পূর্ণ বিশ্রাম এবং প্রয়োজনীয় চিকিৎসা অনুসরণ জরুরি।
সহকর্মীদের মাঝেও দেখা গেছে আবেগঘন প্রতিক্রিয়া। অভিনেত্রী সামিরা খান মাহি সামাজিক মাধ্যমে লেখেন, “হাসপাতালের বিছানায় না, তোমাকে আবার হাসিমুখে আমাদের মাঝে দেখতে চাই।”
এই প্রজন্মের ব্যস্ত নাট্যাভিনেত্রীদের একজন তানিয়া বৃষ্টি। একক নাটকে নিয়মিত কাজ করে দর্শকের কাছে বিশেষ গ্রহণযোগ্যতা তৈরি করেছেন। ‘সুইট প্রেমিক’, ‘জামাই বউ বাটপার’, ‘পানু হেটস রানু’সহ একাধিক নাটকে অভিনয় করে প্রশংসা পেয়েছেন। ২০১৫ সালে ‘ঘাসফুল’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তাঁর। ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘গোয়েন্দাগিরি’ চলচ্চিত্রেও দেখা যায় তাঁকে। দীর্ঘ বিরতির পর নির্মাতা রায়হান খানের পরিচালনায় ‘ট্রাইব্যুনাল’ সিনেমায় ফেরার কথা ছিল তাঁর।
পরিবার সূত্রে জানা গেছে, অস্ত্রোপচারের পর তিনি ধীরে ধীরে সাড়া দিচ্ছেন। এখন সবার একটাই প্রার্থনা, দ্রুত সুস্থ হয়ে আবারও ক্যামেরার সামনে ফিরুন তানিয়া বৃষ্টি।
Next Post