চট্টগ্রামের চার উপজেলায় বিভিন্ন কারণে চারজনের মৃত্যু হয়েছে। এরমধ্যে, চট্টগ্রামের হাটহাজারীতে সড়কের ওপর থেকে দেলোয়ার হোসেন (২৯) নামে এক মোটরসাইকেল আরোহীর লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার সকালে চট্টগ্রাম-হাটহাজারী সড়কের চিকনদন্ডী ইউনিয়নের বড়দিঘির পাড় এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। পুলিশ ধারণা করছে, সড়ক দুর্ঘটনায় দেলোয়ার হোসেনের মৃত্যু হয়েছে। নিহত দেলোয়ার চট্টগ্রামের ফটিকছড়ির বাগানবাজার ইউনিয়নের মতিননগর চিকনছড়া এলাকার মোহাম্মদ মিরাজ মিয়ার ছেলে। তিনি বাংলাদেশ নৌবাহিনীতে সেইলর পদে কর্মরত ছিলেন বলে জানিয়েছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়, বাংলাদেশ নৌবাহিনীতে কর্মরত দেলোয়ার হোসেন সকালে মোটরসাইকেল চালিয়ে চট্টগ্রামে কর্মস্থলে যাচ্ছিলেন। ধারণা করা হচ্ছে, পথে তিনি দুর্ঘটনার শিকার হন। স্থানীয় লোকজন ওই এলাকায় রাস্তার ডিভাইডারের পাশে তাকে পড়ে থাকতে দেখেন। পরে উদ্ধার করে হাটহাজারী সদরের একটি বেসরকারি হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের আত্মীয় জাহিদুল ইসলাম ফরহাদ জানান, ২০১৩ সালে দেলোয়ার হোসেন বাংলাদেশ নৌবাহিনীতে যোগদান করেন। রাউজান হাইওয়ে থানার ওসি মুহাম্মদ উল্লাহ বলেন, সকালে দেলোয়ার হোসেন নামে এক মোটরসাইকেল আরোহীর লাশ উদ্ধার করা হয়েছে। নিহত ব্যক্তির মাথা, বুক ও শরীরের বিভিন্ন অংশ থেঁতলানো ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সড়ক দুর্ঘটনায় ওই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
অন্যদিকে, ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নের পশ্চিম আজিমপুর ১ নম্বর ওয়ার্ডের সেকান্দার মাঝির বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন প্রবাসীর স্ত্রী। নিহত আয়েশা সিদ্দীকা (১৯) ওমান প্রবাসী লিয়াকত আলীর স্ত্রী। গতকাল সোমবার সকাল ১১টার দিকে নিজ কক্ষ থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। স্থানীয়রা জানান, আয়েশার ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। পরে দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখা যায় সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলছেন তিনি। ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়। এতে লেখা ছিল – ‘আমাকে মাফ করে দিবেন সবাই। এমন মানুষের সাথে সংসার করার চাইতে আমি নিজেই মরে যাওয়া ভালো’। এলাকাবাসী জানান, তিন বছর আগে আয়েশার বিয়ে হয় লিয়াকত আলীর সঙ্গে। তিন মাস আগে লিয়াকত প্রবাসে যান। স্থানীয়দের দাবি, লিয়াকত ও তার পরিবারের সদস্যরা শান্ত-শিষ্ট হলেও আয়েশা কিছুটা মানসিক অস্থিরতায় ভুগতেন। তবে কেউ কেউ এটিকে আত্মহত্যা নয়, পরিকল্পিত হত্যাকাণ্ড বলেও সন্দেহ প্রকাশ করেছেন। ফটিকছড়ি থানার তদন্ত কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। লাশের মুষ্টিবদ্ধ হাত, জিহ্বা বের হয়ে থাকা, গলায় রশির দাগ- আত্মহত্যার সব প্রাথমিক লক্ষণ পাওয়া গেছে। নিহতের পরিবার ঘটনা পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করলেও এখনো থানায় কোনো অভিযোগ জমা পড়েনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
অন্যদিকে, চট্টগ্রামের সীতাকুণ্ডে ট্রেনে কাটা পড়ে শিমুল ধর (৫৬) নামে এক দোকান কর্মচারী নিহত হয়েছেন। তিনি ফটিকছড়ির মৃত আশুতোষ ধরের পুত্র এবং স্থানীয় বাজারে রহমান জুয়েলার্সের কর্মী। গত রোববার রাত ১০টার দিকে সীতাকুণ্ড পৌরসদর রেল গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. রাশেদ বলেন, রাতে দোকানের কাজ শেষে বাসায় ফেরার পথে সীতাকুণ্ড সদর রেলগেটে চট্টগ্রামমুখী ট্রেনে কাটা পড়ে নিহত হন শিমুল ধর। তিনি স্থানীয় একটি জুয়েলারি দোকানের কর্মী। তিনি আরও বলেন, লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য চমেক মর্গে পাঠানো হয়। আইনগত প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এদিকে, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যাত্রীবাহী বাসের চাপায় আবুল কালাম (৪৫) নামের এক যুবক নিহত হয়েছেন। গতকাল সোমবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এর আগে গত রোববার বেলা ১১টার দিকে লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়ন পরিষদের সামনে একটি বাস তাঁকে চাপা দেয়। চুনতি ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মনিরুল মাবুদ জানান, গত রোববার সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক পার হওয়ার সময় একটি বাস আবুল কালামকে চাপা দেয়। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই গতকাল সোমবার সকালে চিকিৎসাধীন অবস্থায় আবুল কালামের মৃত্যু হয়। তিনি বাক্ ও মানসিক প্রতিবন্ধী। দোহাজারী হাইওয়ে থানার ওসি সালাউদ্দিন চৌধুরী জানান, এই দুর্ঘটনা সম্পর্কে পুলিশ অবগত নয়, কেউ পুলিশকে জানায়নি। খোঁজখবর নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Next Post