গ্রিসের ক্রিট দ্বীপের উপকূলে অভিবাসীবাহী একটি নৌকা ডুবে অন্তত আটজনের মৃত্যু হয়েছে। গত সোমবার দেশটির কোস্টগার্ড এ তথ্য জানিয়েছে। কোস্টগার্ড জানায়, গত শনিবার গভীর রাতে নৌকাটি থেকে বিপৎসংকেত পাওয়ার পর জরুরি উদ্ধার অভিযান শুরু করে সামুদ্রিক পুলিশ। এ সময় প্রবল বাতাসের কারণে সাগর উত্তাল থাকায় উদ্ধারকাজ কঠিন হয়ে পড়ে। কর্তৃপক্ষ গত রোববার জানায়, কাছাকাছি দিয়ে যাওয়া অন্য একটি নৌকা থেকে সুদানের নাগরিক ২৮ জন জীবিত উদ্ধার এবং একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে তাদের একটি পুলিশি জাহাজে করে ক্রিট দ্বীপে নিয়ে যাওয়া হয়। কোস্টগার্ড জানায়, গত রোববার রাত থেকে গতকাল সোমবার ভোরের মধ্যে তাদের একটি উদ্ধারকারী জাহাজ ক্রিট দ্বীপের দক্ষিণে ১০ নটিক্যাল মাইল দূরে ডুবে যাওয়া নৌকাটি শনাক্ত করে। এ সময় নৌকাটির ভেতরে আরও সাতজনের মরদেহ পাওয়া যায়। লিবিয়া থেকে ইউরোপীয় ইউনিয়নে প্রবেশের উদ্দেশে বিপজ্জনক সমুদ্রপথ পাড়ি দেওয়া অভিবাসীদের জন্য ক্রিট দ্বীপ এখন অন্যতম প্রধান প্রবেশপথ হয়ে উঠেছে। এ পথে যাত্রা করা অনেক অভিবাসীবাহী নৌকা ডুবে প্রাণহানির ঘটনা ঘটছে।