জানা নিউজ

গুজরটে বাড়িওয়ালাকে দিয়ে স্ত্রী-মেয়েকে ধর্ষণ

ভারতের গুজরাটের মোরবিতে ভাড়া পরিশোধ করতে না পেরে নিজের স্ত্রী ও অপ্রাপ্তবয়স্ক মেয়েকে বাড়িওয়ালার হাতে তুলে দিয়েছেন এক ব্যক্তি। ভাড়া মওকুফের বিনিময়ে বাড়িওয়ালা এবং তার এক সহযোগী বারবার ধর্ষণ করেছে মা-মেয়েকে। চাঞ্চল্যকর এই ঘটনায় এখন পর্যন্ত দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, পরিবারটি মূলত গুজরাটের সুরেন্দ্রনগরের বাসিন্দা। জীবিকার সন্ধানে তারা প্রায় ছয় মাস আগে মোরবিতে এসে বসবাস শুরু করে। সেখানে তারা মাসিক ২ হাজার রুপি ভাড়ায় একটি বাসা নেয়। তবে চরম আর্থিক সংকটের কারণে টানা চার মাসের ভাড়া বকেয়া পড়ে যায়। অভিযোগ অনুযায়ী, বকেয়া ভাড়ার পরিবর্তে বাড়িওয়ালাকে নিজের স্ত্রী ও মেয়ের ওপর যৌন নির্যাতনের সুযোগ দেয়ার জন্য ওই ব্যক্তি একটি চুক্তি করেন। বিষয়টি জানতে পেরে ভুক্তভোগী নারীর মা মোরবি থানায় অভিযোগ দায়ের করেন। এরপর পুলিশ শিশুদের যৌন অপরাধ থেকে সুরক্ষা আইনসহ (পকসো) কঠোর আইনে মামলা দায়ের করে। পরবর্তীতে অভিযুক্ত বাবা ও বাড়িওয়ালাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরও এক ব্যক্তিকে খুঁজছে পুলিশ। মোরবির ডেপুটি সুপারিনটেনডেন্ট অব পুলিশ জেএম লাল বলেন, ‘অপ্রাপ্তবয়স্ক মেয়েটির বাবা ও বাড়িওয়ালা মিলে এই নির্যাতনের পরিকল্পনা ও বাস্তবায়ন করেছে।’