জানা নিউজ

গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসিকে জামায়াতের চিঠি

আপত্তিকর ভিডিও ভাইরাল হওয়ার পর সাতক্ষীর-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে বহিস্কারের চিঠি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনকে পাঠিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও উল্লেখ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে নির্বাচন কমিশনে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার সিইসিকে চিঠিটি পাঠিয়েছেন। চিঠিতে বলা হয়েছে, সম্প্রতি সাতক্ষীরা-৪ আসনের মাননীয় সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরের বিষয়ে পরিচালিত সাংগঠনিক তদন্তে তাঁর নৈতিক স্খলন প্রমাণিত হয়েছে। এর প্রেক্ষিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

উল্লেখ্য, গত ২২ জুলাই (বুধবার) বিরোধীদলীয় নেতা ও আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক জরুরি বৈঠকে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়। অতএব, জনাব গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের বিষয়টি আপনার অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য দাখিল করা হলো।

এ বিষয়ে জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, দলের বহিস্কারের চিঠির ভিত্তিতে ইসির করণীয় কিছু নেই।

চিঠি আসতে হবে স্পিকারের কাছ থেকে। কেননা, সংবিধানে দল থেকে বহিস্কার হলে এমপি শূন্য হওয়ার বিষয়ে কিছু বলা নেই। সেখানে পদত্যাগের কথা বলা হয়েছে।