আন্তর্জাতিক ক্রিকেটে গতির ঝড় তুলে বহু ব্যাটারকে আতঙ্কিত করেছেন পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতার। তবে ভয়ংকর বাউন্সারে ব্রায়ান লারাকে আঘাত করার পর নিজের মধ্যেও ভয় তৈরি হয়েছিল বলে জানিয়েছেন তিনি। একই সাক্ষাৎকারে বর্তমান ক্রিকেটের জনপ্রিয়তা নিয়েও হতাশা প্রকাশ করেছেন এই গতিতারকা। তার আক্ষেপ, নিজের সন্তানরাও এখন ক্রিকেট দেখে না।
সম্প্রতি উইজডেনের ‘দ্য স্কুপ’ অনুষ্ঠানে ক্যারিয়ারের বিভিন্ন ঘটনা স্মরণ করেন শোয়েব। সেখানে ২০০৪ সালের আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে ব্রায়ান লারাকে আঘাত করার ঘটনাটি তুলে ধরেন তিনি।
ইংল্যান্ডের সাউদাম্পটনের রোজ বোল স্টেডিয়ামে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের সেই ম্যাচে আগে ব্যাট করে মাত্র ১৩১ রানে অলআউট হয় পাকিস্তান। ছোট লক্ষ্য নিয়েও ম্যাচ জয়ের চেষ্টা করছিল দলটি। সেই সময় শোয়েবের একটি বলে চার মারেন লারা। এরপর পরের বলেই ভয়ংকর বাউন্সার করেন পাকিস্তানি পেসার।
বলটি লারার হেলমেটের নিচে ঘাড়ের অংশে আঘাত করে। সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে যান ক্যারিবীয় কিংবদন্তি। পরে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়তে হয় তাকে। শারীরিক অবস্থা পরীক্ষা করতে হাসপাতালে নেওয়া হয়েছিল লারাকে।
শোয়েব জানিয়েছেন, জীবনে মাত্র দুবার ব্যাটারকে আঘাত করার পর তিনি ভয় পেয়েছিলেন। সেই দুই ব্যাটার হলেন ব্রায়ান লারা ও শচীন টেন্ডুলকার।
সাক্ষাৎকারে নিজের অভিজ্ঞতা জানিয়ে তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশের ড্রেসিংরুমে খেলোয়াড়েরা তাকে বলতেন, যেন তাদের আঘাত না করেন। এক কিংবদন্তি ব্যাটার তাকে জানিয়েছিলেন, শোয়েবের বলে আঘাত পাওয়ার পর আর কখনোই ব্যাটিং করতে ইচ্ছা হয়নি তার।
লারার সেই ঘটনার স্মৃতি তুলে ধরে শোয়েব বলেন, চার মারার পর তিনি নিজের মুখ চেপে ধরেছিলেন। মনে হচ্ছিল, নিজের মধ্যে এমন এক ভয়ংকর শক্তি জেগে উঠেছে, যা নিয়ন্ত্রণ করা কঠিন হবে। বলটি লারার শরীরে লাগার পর তার মনে হয়েছিল, হয়তো তিনি লারাকে মেরেই ফেলেছেন।
নিজের ভয় পাওয়ার কারণ ব্যাখ্যা করে শোয়েব বলেন, তিনি জানতেন তার বলের গতি কতটা ভয়ংকর। শচীন বা লারার মতো খেলোয়াড়দের গুরুতর কিছু হলে নিজেকে কখনোই ক্ষমা করতে পারতেন না। ভাগ্যক্রমে দুজনেরই বড় কোনো ক্ষতি হয়নি।
বর্তমান পাকিস্তান ক্রিকেট নিয়েও হতাশা প্রকাশ করেছেন সাবেক এই পেসার। তার মতে, গত দুই দশকে ক্রিকেট ধীরে ধীরে ব্যাটারদের খেলায় পরিণত হয়েছে। দুটি নতুন বল ব্যবহারসহ বিভিন্ন নিয়ম খেলাটিকে ব্যাটারদের পক্ষে নিয়ে গেছে বলে মনে করেন তিনি।
শোয়েবের ভাষায়, পাকিস্তানে এখন ক্রিকেট দেখার আগ্রহ কমে গেছে। তার মতে, দেশের ক্রিকেটে নতুন নায়ক তৈরি না হওয়ার পেছনেও এই পরিস্থিতির ভুমিকা রয়েছে। বাবর আজমের মতো খেলোয়াড় থাকলেও তিনি প্রকৃত নায়ক হিসেবে কাউকে দেখতে পাচ্ছেন না।
২০০৪ সালে রাওয়ালপিন্ডিতে ভারতের বিপক্ষে একটি ম্যাচের স্মৃতিও তুলে ধরেন শোয়েব। সেদিন ইমরান খান তার সন্তানদের নিয়ে মাঠে এসেছিলেন এবং শোয়েবকে দেখিয়ে বলেছিলেন, ক্রিকেট ইতিহাসের সবচেয়ে দ্রুতগতির বোলারকে দেখো।