জানা নিউজ

কোচিংয়ে নামছেন চেলসি কিংবদন্তি টেরি

কোচিংয়ে ক্যারিয়ার শুরু করতে যাচ্ছেন চেলসির কিংবদন্তি ইংলিশ সেন্টার ব্যাক জন টেরি। সব ঠিক থাকলে ৪৫ বছর বয়সী এই সাবেক ফুটবলার ইংল্যান্ডের দ্বিতীয় বিভাগের দল অক্সফোর্ড ইউনাইটেডের ডাগ আউটে দাঁড়াতে পারেন। অক্সফোর্ড চলতি মৌসুমে খুব বাজেভাবে শুরু করেছে। তারা শেষ ১০ ম্যাচের মাত্র একটিতে জিতেছে। দলের ব্যর্থতার দায় মেনে নিয়ে ক্রিস্টমাসের আগে চাকরি ছেড়েছেন গ্যারি রোয়েত। তার জায়গায় কোচ হিসেবে টেরির নাম শোনা যাচ্ছে। গ্যারির চাকরি ছাড়ার বিষয়ে ক্লাব থেকে বলা হয়েছে, গত মৌসুমে দলের খুব খারাপ সময়ে গ্যারি রোয়েত দায়িত্ব নিয়ে অসাধারণ কাজ করেছেন। তার কারণেই ক্লাবটি চ্যাম্পিয়নশিপে খেলার সুযোগ পাচ্ছে। কিন্তু চলতি মৌসুমে তার অধীনে দল ভালো খেলতে পারছে না। যে কারণে দায়িত্ব ছেড়ে দিয়েছেন। জন টেরি অ্যাস্টন ভিলায় সহকারী কোচের দায়িত্ব পালন করেছেন। লিস্টার সিটির সঙ্গে তার কাজের অভিজ্ঞতা আছে। কাজ করেছেন চেলসির বয়সভিত্তিক দলের সঙ্গেও। তিনি অক্সফোর্ড ইউনাইটেডের কোচের দায়িত্ব নিতে আগ্রহী। সংবাদ মাধ্যম জানিয়েছে, ২০২৩ সালে ওই দায়িত্ব নেওয়ার আশা প্রকাশ করে সাক্ষাৎকার দিয়েছিলেন তিনি। জন টেরি ২০ বছর পেশাদার ফুটবল খেলেছেন। এর মধ্যে চেলসিতে কাটিয়েছেন ১৮ বছর। ইংল্যান্ডের হয়ে ৯ বছরের ক্যারিয়ারে ৭৬ ম্যাচ খেলে ৬ গোল করা এই ডিফেন্ডার চেলসির জার্সিতে সব মিলিয়ে খেলেছেন ৭১৭ ম্যাচ। গোল করেছেন ৬৭টি।