জানা নিউজ

কাবাডিতে টানা দুই জয়ে উড়ছে বাংলাদেশ

এশিয়ান গেমস

এশিয়ান গেমসে বাংলাদেশের পদক সম্ভাবনার কথা উঠলে কাবাডির নামটা বরাবরই থাকে তালিকার ওপরের দিকে। কিন্তু সম্ভাবনার সেই বেলুন চুপসে যেতেও সময় লাগে না।

 টানা চার আসরের ব্যর্থতায় কাবাডিতে পদক যেন হয়ে উঠেছিল কেবলই মরীচিকা। তবে এবার জাপানের মাটিতে ভিন্ন কিছুরই আভাস দিচ্ছে লাল-সবুজের প্রতিনিধিরা।
ম্যাটে নেমেই টানা দুই জয়ে প্রায় দুই দশকের পদক খরা কাটানোর দারুণ এক স্বপ্ন বুনতে শুরু করেছে বাংলাদেশ। জাপানের তোকাই সিটিজেন জিমনেশিয়ামে আজ ‘এ’ গ্রুপের লড়াইয়ে নেমেছিল বাংলাদেশ।
দিনের শুরুতেই দক্ষিণ কোরিয়াকে ৩৯-৩৫ পয়েন্টের ব্যবধানে হারিয়ে দারুণ সূচনা করে তারা। প্রথমার্ধে ১৭-১৬ পয়েন্টে এগিয়ে থাকা বাংলাদেশ দ্বিতীয়ার্ধে আরও ২২ পয়েন্ট পকেটে পুরে জয় নিশ্চিত করে।
তবে আসল রোমাঞ্চ ছড়ায় বিকেলের ম্যাচে। চাইনিজ তাইপের বিপক্ষে রীতিমতো স্নায়ুযুদ্ধে অবতীর্ণ হতে হয় বাংলাদেশকে। প্রথমার্ধে ২৪-২০ ব্যবধানে লিড পেলেও দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর জোর চেষ্টা চালায় তাইপে। তবে শেষ পর্যন্ত এক পয়েন্টের নাটকীয় ব্যবধান ধরে রেখে ৪৮-৪৭ পয়েন্টের রুদ্ধশ্বাস এক জয়ে ম্যাট ছাড়ে বাংলাদেশ।

টানা দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে আপাতত ‘এ’ গ্রুপের শীর্ষস্থানে বসেছে বাংলাদেশ দল। দুই ম্যাচ মিলিয়ে প্রতিপক্ষের ৮২ পয়েন্টের বিপরীতে বাংলাদেশের অর্জন ৮৭ পয়েন্ট।

পদক নিশ্চিত করার মিশনে আগামীকাল বিকেল ৪টায় স্বাগতিক জাপানের মুখোমুখি হবে লাল-সবুজরা। এই ম্যাচে জয় পেলেই সেমিফাইনালের টিকিট কাটার পাশাপাশি ব্রোঞ্জ পদকও নিশ্চিত হয়ে যাবে। এরপর আগামী ২৩ সেপ্টেম্বর গ্রুপ পর্বের শেষ ও সবচেয়ে কঠিন লড়াইয়ে শক্তিশালী ভারতের বিপক্ষে লড়বে বাংলাদেশ।

কাবাডিতে বাংলাদেশের পদক জয়ের অতীত ইতিহাস বেশ সমৃদ্ধ হলেও সাম্প্রতিক চিত্রটা একেবারেই বিবর্ণ। ১৯৯৮ সালের ব্যাংকক এশিয়ান গেমসে ব্রোঞ্জ জয়ের পর ২০০৬ সালের দোহা আসরেও একই পদক জিতেছিল বাংলাদেশ। কিন্তু এরপর ২০১০, ২০১৪, ২০১৮ এবং সর্বশেষ ২০২২ টানা চার আসরেই খালি হাতে ফিরতে হয়েছে।

দীর্ঘ সেই ব্যর্থতার বৃত্ত ভেঙে এবার নতুন ইতিহাস লেখার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে বাংলাদেশ। জাপানের বাধা পেরোতে পারলেই ঘুচবে ১৮ বছরের আক্ষেপ!