জানা নিউজ

কমলো আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের ট্যারিফ, বছরে সাশ্রয় ৭৭ কোটি টাকা

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ ৪০০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ কেনার ট্যারিফ কমিয়েছে সরকার। প্রতি কিলোওয়াট ঘণ্টা বিদ্যুতের দাম ৪ টাকা ৭৪৬৫ পয়সা থেকে কমিয়ে ৪ টাকা ৫৪৩৬ পয়সা নির্ধারণ করা হয়েছে।

নতুন ট্যারিফ কার্যকর হলে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) বছরে প্রায় ৭৭ কোটি ৮৯ লাখ টাকা সাশ্রয় করতে পারবে।বুধবার (৭ অক্টোবর) সচিবালয়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে বিদ্যুৎ বিভাগের এ-সংক্রান্ত প্রস্তাব অনুমোদন করা হয়।

বিদ্যুৎ বিভাগের প্রস্তাব অনুযায়ী, আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেডের (এপিএসসিএল) ৪০০ মেগাওয়াট ক্ষমতার বিদ্যুৎকেন্দ্র থেকে পুনর্নির্ধারিত লেভেলাইজড ট্যারিফে বিদ্যুৎ কেনার অনুমোদন দেওয়া হয়েছে। এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও ইসলামী উন্নয়ন ব্যাংকের (আইডিবি) আর্থিক সহযোগিতায় নির্মিত বিদ্যুৎকেন্দ্রটি ২০২২ সালে বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু করে।

 

চুক্তি অনুযায়ী, ২৫ বছর মেয়াদে এপিএসসিএল বিদ্যুৎকেন্দ্রটিতে উৎপাদিত বিদ্যুৎ বিপিডিবির কাছে বিক্রি করছে। বিদ্যুৎকেন্দ্রটির লেভেলাইজড ট্যারিফ বিভিন্ন সময়ে পরিবর্তিত হয়েছে।

বিদ্যুৎ খাতে ব্যয় কমানো এবং স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে বিপিডিবির বোর্ড সভার সিদ্ধান্তের পর বিদ্যমান ট্যারিফ পুনর্নির্ধারণের উদ্যোগ নেওয়া হয়। 

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি কিলোওয়াট ঘণ্টা বিদ্যুতের ট্যারিফ ২০ দশমিক ২৯ পয়সা কমেছে। এতে বিদ্যুৎ কেনার ব্যয় কমার পাশাপাশি বিপিডিবির বছরে প্রায় ৭৭ কোটি ৮৯ লাখ টাকা সাশ্রয় হবে।

চুক্তির মেয়াদে এখনো ২২ বছর ৩ মাস ২৭ দিন বাকি রয়েছে। এ সময়ে গ্যাসভিত্তিক পরিচালনার মাধ্যমে বিদ্যুৎকেন্দ্রটি থেকে বিদ্যুৎ কিনতে আনুমানিক ২৯ হাজার ৫৪১ কোটি ৯৫ লাখ টাকা পরিশোধ করতে হবে।

সংশ্লিষ্টদের মতে, ট্যারিফ পুনর্নির্ধারণের ফলে দীর্ঘ মেয়াদে বিদ্যুৎ কেনার ব্যয় কমবে। একই সঙ্গে সরকারি প্রতিষ্ঠান এপিএসসিএল বিদ্যুৎ বিক্রি করে যে লভ্যাংশ অর্জন করবে, তা সরকারের লভ্যাংশ হিসেবে গণ্য হবে।