জানা নিউজ

কথা বলায় স্বাভাবিকতা ফিরেছে ইলিয়াস কাঞ্চনের

ব্রেইন টিউমারের জটিলতায় দীর্ঘ সাত মাস ধরে লড়াই চালিয়ে যাচ্ছেন ঢালিউডের জনপ্রিয় অভিনেতা এবং নিরাপদ সড়ক চাই আন্দোলনের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। লন্ডনে চিকিৎসাধীন এই অভিনেতার শারীরিক অবস্থার এখন কিছুটা উন্নতি হয়েছে। সবচেয়ে স্বস্তির খবর, তিনি আবারো পুরোপুরি কথা বলতে পারছেন। গত বুধবার লন্ডন থেকে তাঁর শারীরিক অবস্থার সর্বশেষ তথ্য জানান নিসচা আন্দোলনের প্রতিষ্ঠাতা সদস্য ও ভাইস চেয়ারম্যান লিটন এরশাদ। দীর্ঘদিনের এই সহযোদ্ধা জানান, অসুস্থতার কারণে আগে কথা বলায় যে জড়তা ছিল, তা এখন বেশ কমে গেছে। সুরেলা কণ্ঠে আবার কথা বলতে পারছেন অভিনেতা। গত ছয় মাস ধরে ইলিয়াস কাঞ্চন লন্ডনে একমাত্র মেয়ে ইসরাত জাহানের বাসায় অবস্থান করছেন। ব্রেইন টিউমারটি মস্তিষ্কের গুরুত্বপূর্ণ নার্ভের খুব কাছে থাকায় তাঁর চিকিৎসা শুরু থেকেই ছিল ঝুঁকিপূর্ণ। তিন মাস ধরে নানা পরীক্ষা-নিরীক্ষার পর ৫ আগস্ট লন্ডনের উইলিংটন হাসপাতালে প্রফেসর ডিমিট্রিয়াসের নেতৃত্বে তাঁর মাথায় অস্ত্রোপচার করা হয়। অপারেশনে টিউমারের বড় একটি অংশ অপসারণ করা গেলেও বাকি অংশ রেডিয়েশন ও কেমোথেরাপির মাধ্যমে নিষ্ক্রিয় করার চেষ্টা চলছে। চিকিৎসার বর্তমান ধাপ সম্পর্কে লিটন এরশাদ বলেন, এখন ইলিয়াস কাঞ্চনের মেডিসিন কোর্স চলছে। এটি শেষ হলে চিকিৎসকরা আরও কিছু পরীক্ষা-নিরীক্ষা করবেন। নতুন রিপোর্ট পাওয়ার পর বোঝা যাবে চিকিৎসা কতটা সফল হয়েছে। রিপোর্টের ওপর ভিত্তি করেই ঠিক হবে দেশে ফিরে আসার উপযোগী অবস্থায় তিনি আছেন কি না। ইলিয়াস কাঞ্চনের অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর থেকেই চলচ্চিত্র অঙ্গনের সহকর্মী, ভক্ত এবং সর্বস্তরের মানুষের প্রার্থনা চলছে তাঁর সুস্থতার জন্য। সর্বশেষ খবর ইতিবাচক হওয়ায় ভক্তদের মধ্যেও দেখা দিয়েছে স্বস্তির স্ফূরণ।