উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুরের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে।
মির্জা আব্বাসের ভাগনে ও ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আব্দুল্লাহ জামাল চৌধুরী আদিত্য বিষয়টি নিশ্চিত করে পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়ার আবেদন করেছেন।
আজ রোববার বেলা ১১টা ২০ মিনিটের দিকে এয়ার অ্যাম্বুলেন্সটি উড্ডয়ন করেছে বলেও জানান তিনি।
মির্জা আব্বাসের সঙ্গে এয়ার এম্বুলেন্সে তার স্ত্রী জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস ও বড় ছেলে মির্জা ইয়াসির আব্বাস রয়েছেন।
শনিবার সকালে তার মস্তিষ্কের সিটি স্ক্যান করা হয়। বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জানান, সিটি স্ক্যানের রিপোর্ট ভালো এসেছে এবং মেডিকেল বোর্ডের চিকিৎসকরা তাকে সার্বক্ষণিক পর্যবেক্ষণে রেখেছেন। তিনি বলেন, “আজ সকালে সিটি স্ক্যান করা হয়েছে। রিপোর্ট ভালো এসেছে। তিনি ক্লোজ মনিটরিংয়ে আছেন।”
মির্জা আব্বাস গত বুধবার (১১ মার্চ) ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারান। পরে তাকে দ্রুত রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে করা সিটি স্ক্যানের প্রতিবেদনে অবস্থার অবনতি ধরা পড়লে বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি ভার্চুয়াল মেডিকেল বোর্ড বসে এবং অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেয়।