অক্টোবরে ব্রাজিলের বিপক্ষে ঘরের মাঠে খেলতে নামবে ভারত। এটি পুরোনো খবর। তবে নতুন খবর হলো আরেক বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়েও আসছে ভারতের মাটিতে খেলতে। দেশটির বিপক্ষে খেলবে পানামাও। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে ৩ অক্টোবর কলকাতায় খেলবে ভারত। তার আগে আগামী ২৬ সেপ্টেম্বর পানামা আসছে ভারতের মাটিতে খেলতে। সেই ম্যাচটি হবে বেঙ্গালুরুতে। বর্তমানে ফিফা র্যাঙ্কিংয়ে ৪৪তম স্থানে রয়েছে পানামা। পানামার বিপক্ষে ম্যাচটি একপ্রকার দুই বিশ্ব চ্যাম্পিয়নের বিপক্ষে খেলার প্রস্তুতি বলা চলে। ব্রাজিলের বিপক্ষে ম্যাচের পর আন্তর্জাতিক ফুটবলের অন্যতম সফল দল উরুগুয়ের বিপক্ষে আগামী ৬ অক্টোবর কলকাতায় খেলবে ভারত। বর্তমানে ফিফা র্যাঙ্কিংয়ে ২০তম স্থানে রয়েছে। দলটির বর্তমান কোচ দিয়েগো ফোরলান ২০১৬ সালে ভারতের ক্লাব মুম্বাই সিটি এফসির হয়ে খেলেছিলেন। উরুগুয়ের কলকাতা সফরের মধ্য দিয়ে ভারতীয় ফুটবলপ্রেমীদের জন্য তৈরি হচ্ছে এক অভূতপূর্ব আন্তর্জাতিক ফুটবল সূচি। একই ফিফা উইন্ডোতে ভারতে আসবে তিন বিশ্বকাপ খেলা দেশ-পানামা, ব্রাজিল ও উরুগুয়ে।