জানা নিউজ

একই পর্দায় দেখা যাবে পূজা-প্রীতম-জেফারকে

প্রীতম হাসান, পূজা চেরী ও জেফার রহমান-তিনজনই এ প্রজন্মের তারকা। গানে-অভিনয়ে মানুষকে মাতিয়ে রেখেছেন। তাদের নতুন কাজ নিয়ে দর্শকের মনে আগ্রহ বেশ। আবার লাইভ পারফর্মেন্স দেখার আগ্রহও কম নয়। এবার সেই সুযোগ মিলবে, তবে টিভি পর্দায়। কিছুদিন আগে মালয়েশিয়ায় এক মঞ্চে পারফর্ম করেছিলেন তারা। ‘সোনালী সন্ধ্যা’ নামের অনুষ্ঠানটি উপভোগ করেছিলেন সেখানে বসবাসরত প্রবাসী বাঙালিরা। তবে দেশের মানুষের সে সুযোগ হয়নি। এবার এনটিভির পর্দায় দেখা যাবে অনুষ্ঠানটি। আজ চ্যানেলটির প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে প্রচারিত হবে ‘সোনালী সন্ধ্যা’। রাফসান ও তাবাসসুম প্রিয়াঙ্কার উপস্থাপনায় অনুষ্ঠানটিতে প্রীতম, জেফার ও পূজা ছাড়াও পারফর্ম করতে দেখা যাবে প্রতীক হাসান, তমা মির্জাসহ অনেককে। রাত ৯টা ৩০ মিনিটে প্রচারতি হবে বিশেষ অনুষ্ঠান ‘আনন্দ আড্ডা’। জাহাঙ্গীর চৌধুরী’র প্রযোজনায় এই অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন মৌসুমী মৌ। বিশেষ এই অনুষ্ঠানে অতিথি হিসেবে অংশগ্রহণ করেছেন জনপ্রিয় অভিনয়শিল্পী মোশাররফ করিম, সুমাইয়া শিমু ও আইশা খান।