জানা নিউজ

ঈদ সামনে, বেড়েছে মাংসের দাম

ঈদকে সামনে রেখে রাজধানীর বাজারে বেড়েছে মাংসের দাম। গরুর মাংস এখন বিক্রি হচ্ছে কেজি প্রতি ৮০০ থেকে ৮৫০ টাকায়। আর ব্রয়লার মুরগির দাম দাঁড়িয়েছে ২৩০ টাকা কেজি। সোনালী মুরগি বিক্রি হচ্ছে ৩৮০ থেকে ৪২০ টাকায়।

বৃহস্পতিবার বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, বেশিরভাগ দোকানেই গরুর মাংস ৮৫০ টাকায় বিক্রি হচ্ছে। কিছু জায়গায় ৮০০ বা ৭৮০ টাকায়ও মিলছে। তবে ঈদের আগে চাহিদা বাড়ায় দামও বেড়েছে বলে জানান বিক্রেতারা।

ব্রয়লার মুরগির দাম সপ্তাহের ব্যবধানে কেজিতে প্রায় ১০ টাকা বেড়েছে। আর সোনালী মুরগির ক্ষেত্রে বেড়েছে ২০ থেকে ৫০ টাকা পর্যন্ত।

ক্রেতাদের অভিযোগ, ঈদ এলেই মাংসের দাম বাড়ে। বাড়তি চাহিদাকে পুঁজি করে ব্যবসায়ীরা দফায় দফায় দাম বাড়াচ্ছেন। তাদের মতে, বাজারে কড়াকড়ি তদারকি থাকলে দাম এতটা বাড়ত না।

অন্যদিকে বিক্রেতারা বলছেন, খামার থেকেই গরু ও মুরগির দাম বেশি আসছে। ফলে বেশি দামে কিনে কম দামে বিক্রি করা সম্ভব নয়। তাই লাভ ধরে রাখতে কেজি প্রতি দাম বাড়াতে হচ্ছে।

সব মিলিয়ে ঈদের বাজারে মাংস কিনতে গিয়ে বাড়তি খরচ গুনতে হচ্ছে ক্রেতাদের।