জানা নিউজ

আলজেরিয়ার বিপক্ষে ৩-০ গোলের বড় জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু আর্জেন্টিনার

আলজেরিয়ার বিপক্ষে ৩-০ গোলের বড় জয় দিয়ে বিশ্বকাপ ধরে রাখার মিশন শুরু করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আর এই রাজকীয় সূচনার নেপথ্য নায়ক দলটির অধিনায়ক লিওনেল মেসি, যার পা থেকে এসেছে এক চোখধাঁধানো হ্যাটট্রিক।

 এই ঐতিহাসিক পারফরম্যান্সের মাধ্যমে পুরো ফুটবল বিশ্বের নজর কেড়েছেন আটবারের ব্যালন ডি’অর জয়ী এই মহাতারকা। এটি ছিল তার বিশ্বকাপ ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক, যার সুবাদে টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ ১৬ গোল করে জার্মানির মিরোস্লাভ ক্লোসার রেকর্ডে ভাগ বসালেন তিনি। ৩৯তম জন্মদিনের মাত্র কয়েক দিন বাকি থাকলেও মাঠে মেসির ধার যেন একটুও কমেনি। পুরো ম্যাচ জুড়ে আলজেরিয়ার রক্ষণভাগকে তটস্থ রেখে তিনি প্রমাণ করেছেন কেন এখনও তিনিই বিশ্বচ্যাম্পিয়নদের মূল চালিকাশক্তি।
মেসির এই জাদুকরী পারফরম্যান্স যেমন তার চিরন্তন শ্রেষ্ঠত্বকে মনে করিয়ে দিয়েছে, তেমনি বিশ্বমঞ্চে আর্জেন্টিনার শ্রেষ্ঠত্ব ধরে রাখার জোরালো বার্তাও দিয়েছে।বার্সেলোনায় লিওনেল মেসির সঙ্গে একই ড্রেসিংরুম শেয়ার করা এবং খুব কাছ থেকে তার জাদু দেখা ফরাসি কিংবদন্তি থিয়েরি অঁরি সবসময়ই মেসির প্রতি উচ্চ ধারণা পোষণ করেন। আলজেরিয়ার বিপক্ষে মেসির এমন বিধ্বংসী শুরুর পর ফক্স স্পোর্টস-এ দেওয়া এক সাক্ষাৎকারে সাবেক এই সতীর্থ বলেন, ‘আমরা ম্যাচের আগেই বলেছিলাম যে, এই ছেলেটি (মেসি) এবং আগামীকাল আমরা যাকে দেখতে যাচ্ছি (রোনালদো); তারা দুজনেই চাঁদের দেশের বাসিন্দা (অন্য গ্রহের মানুষ)। মেসি আজ আরও একবার আমাদের মনে করিয়ে দিল যে সে আসলে কে। একই সঙ্গে আর্জেন্টিনাও সবাইকে মনে করিয়ে দিল কেন তারা বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন এবং তাদের হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। তবে লিও আসলেই একদম আলাদা।’