আইপিএল ফাইনালের একটি সাধারণ টিকিটের দাম ১৪০ কোটি টাকা পর্যন্ত উঠেছে
আইপিএল টিকিটের কালোবাজারিতে জড়িত বোর্ড কর্মকর্তা!
আসন্ন ফিফা বিশ্বকাপে টিকিটের চড়া দাম নিয়ে চলছে তুমুল সমালোচনা। নিউ জার্সিতে অনুষ্ঠিত হতে যাওয়া ফাইনালের একটি সাধারণ টিকিটের দাম ১৪০ কোটি টাকা পর্যন্ত উঠেছে। এরই মধ্যে আইপিএলের টিকিটের দাম নিয়ে জানা গেল চাঞ্চল্যকর তথ্য। দিল্লি পুলিশ টিকিট কালোবাজারি চক্রের চার জনকে গ্রেপ্তারের পর বিস্ময়কর খবর পাওয়া গেছে। দিল্লি অ্যান্ড ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশনের (ডিডিসিএ) এক উচ্চপদস্থ কর্মকর্তা এক হাজারের বেশি সৌজন্যমূলক টিকিট বিক্রি করেছেন, যার কয়েকটির দাম ৮০ হাজার রুপির বেশি। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস এক প্রতিবেদনে জানিয়েছে, বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে দিল্লি ক্যাপিটালসের ম্যাচ সামনে রেখে চড়া দামে টিকিট বিক্রি হলে তদন্তে নামে দিল্লি পুলিশ। তারপরই রাজ্য ক্রিকেট সংস্থার এক উচ্চপদস্থ কর্মকর্তার সংশ্লিষ্টতায় কালোবাজারে টিকিট বিক্রির খবর মিলেছে। ম্যাচের জন্য স্টেডিয়ামের কাছে ‘কমপ্লিমেন্টারি পাস’ বিক্রির সময় তিন জনকে হাতেনাতে ধরে পুলিশ। জিজ্ঞাসাবাদের পর পঙ্কজ যাদব নামের এক পেট্রোল পাম্পের কর্মচারীকে গ্রেপ্তার করা হয়। প্রতিবেদন অনুযায়ী, দিল্লি পুলিশের ঘনিষ্ঠ সূত্র ফাঁস করেছে, এই টিকিট কালোবাজারি চক্রকে নেতৃত্ব দিচ্ছেন ডিডিসিএ-র এক কর্মকর্তা। গত বৃহস্পতিবার দুজন উচ্চপদস্থ কর্মকর্তাসহ চার ডিডিসিএ সদস্যকে পাঁচ ঘণ্টা ধরে জেরা করা হয়। ওই সূত্রের বরাত দিয়ে জানানো হয়েছে, ‘শীর্ষ পর্যায়ের ডিডিসিএ কর্মকর্তাকে সঙ্গে করে এই চক্র খুব নিয়মতান্ত্রিকভাবে চলে। ম্যাচের ও খেলোয়াড়দের তারকা মূল্যর ওপর নির্ভর করে টিকিটের দাম নির্ধারণ করা হয়। ম্যাচ যত ঘনিয়ে আসে, দাম আরও বাড়ে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচের আগে, যেখানে বিরাট কোহলি ছিলেন বড় আকর্ষণ, তারা টিকিটপ্রতি দাম নিতে চেয়েছিল ৮০ হাজার রুপি করে। ম্যাচ ও চাহিদার ওপর নির্ভর করে দাম ৮ হাজার থেকে ৮০ হাজারের মধ্যে হয়ে থাকে বলে জানতে পেরেছি।’ বর্তমানে বিসিসিআই-এর নিয়ম অনুযায়ী, আয়োজক অ্যাসোসিয়েশনগুলোকে প্রত্যেক ম্যাচের আগে স্টেডিয়ামের ধারণক্ষমতার ১০ থেকে ১৫ শতাংশ টিকিট সৌজন্যমূলক হিসেবে দিয়ে থাকে স্থানীয় ফ্র্যাঞ্চাইজি।