সাহস ও বীরত্ব প্রদর্শন, সেবায় অনন্য নজির স্থাপন, গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলার তদন্ত এবং উদ্ভাবনীমূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরসহ ৯২ জন পুলিশ সদস্যকে পদক দেওয়া হচ্ছে। চারটি ক্যাটাগরিতে এসব পদক দেওয়া হবে।
সোমবার (২১ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-২ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে সই করেছেন পুলিশ-২ শাখার উপসচিব নাসরিন সুলতানা।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২০২৫ সালের ১ মার্চ থেকে ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত দায়িত্ব পালনের ক্ষেত্রে সাহস ও বীরত্ব প্রদর্শন, সেবায় অনন্য নজির স্থাপন, গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলার তদন্ত এবং অন্যান্য উদ্ভাবনীমূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে এসব পদক দেওয়া হচ্ছে।
পদক দেওয়ার জন্য চারটি ক্যাটাগরি নির্ধারণ করা হয়েছে। এগুলো হলো ‘বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)’, ‘বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)-সেবা’, ‘রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)’ এবং ‘রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)-সেবা’।
প্রজ্ঞাপনে চার ক্যাটাগরিতে মোট ৯২ জন পুলিশ সদস্যকে এসব পদক দেওয়ার কথা জানানো হয়েছে।
পুলিশ সদস্যদের দায়িত্ব পালনে সাহসিকতা ও বীরত্ব, সেবায় বিশেষ অবদান, গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলার তদন্তে ভূমিকা এবং উদ্ভাবনীমূলক কর্মকাণ্ডকে পদক প্রদানের ক্ষেত্রে বিবেচনা করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
পদকপ্রাপ্তদের তালিকা দেখতে এখানে ক্লিক করুন