জানা নিউজ

‘ব্যাচেলর পয়েন্ট’-এর শেষ পর্বে কাবিলার কান্না, আবেগে ভাসলেন দর্শক

দীর্ঘ ১৭ মাসের পথচলা শেষে শেষ হয়েছে জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫। হাসি, মজা আর নানা দুষ্টুমিতে ভরপুর ধারাবাহিকটির শেষ পর্বে এবার দর্শকদের চোখে জল এনে দিয়েছে কাবিলার মা পলি চেয়ারম্যানের মৃত্যু এবং তাকে ঘিরে কাবিলার কান্নার দৃশ্য। জিয়াউল হক পলাশের অভিনয়ে ফুটে ওঠা এই মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে দর্শকদের আবেগী প্রতিক্রিয়া তৈরি করেছে।
কাজল আরেফিন অমির পরিচালনায় ‘ব্যাচেলর পয়েন্ট’ শুরু থেকেই হাস্যরস ও বন্ধুদের নানা মজার ঘটনা নিয়ে দর্শকদের কাছে জনপ্রিয় হয়ে ওঠে। তবে পঞ্চম সিজনের শেষ পর্বে গল্পের আবহ বদলে যায়। প্রাণবন্ত ও হাসিখুশি কাবিলার জীবনে মায়ের মৃত্যু নিয়ে আসে গভীর শোক।
মাকে হারানোর পর কাবিলার কান্না, অসহায়ত্ব এবং বন্ধুদের সামনে তার ভেঙে পড়ার দৃশ্য নাটকটির শেষ পর্বকে আবেগঘন করে তোলে। দীর্ঘদিন ধরে কাবিলার নানা কর্মকাণ্ডে হাসতে থাকা দর্শকদের অনেকেই শেষ পর্বে তার এই ভিন্ন রূপ দেখে আবেগাপ্লুত হয়েছেন।
পর্বটি প্রচারের পর ফেসবুক ও ইউটিউবে দর্শকদের মন্তব্যে দেখা গেছে, অনেকেই জিয়াউল হক পলাশের অভিনয়ের প্রশংসা করছেন। তাদের মতে, কাবিলার কান্নার দৃশ্য ছিল অত্যন্ত বাস্তবধর্মী ও হৃদয়স্পর্শী।
এক দর্শক মন্তব্য করেছেন, ‘যাদের পাগলামিতে এতদিন প্রাণ খুলে হাসতাম, শেষ পর্বে তাদের এই অসহায়ত্ব ও কাবিলার কান্না বুকটা ফাঁকা করে দিয়েছে।’
ধারাবাহিকটির শুটিং শেষ হওয়ার দিনেও শিল্পী ও কলাকুশলীদের মধ্যে আবেগঘন পরিবেশ তৈরি হয়েছিল। শেষ দিনের র‌্যাগ ডে আয়োজনের সময় দীর্ঘদিনের কাজের স্মৃতি স্মরণ করতে গিয়ে অনেকে আবেগ ধরে রাখতে পারেননি।
পর্দার বাইরের সেই বিদায় এবং পর্দায় কাবিলার মায়ের মৃত্যু, দুই মিলিয়ে ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫-এর শেষ পর্ব দর্শকদের কাছে হয়ে উঠেছে স্মরণীয়।