শিরোপা ধরে রাখার স্বপ্ন নিয়ে এমএলএস কাপ প্লে-অফে নামলেও প্রথম রাউন্ডেই থেমে গেল ইন্টার মায়ামি। প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয় ম্যাচেও পরাজয় এড়াতে পারেনি লিওনেল মেসির দল। যোগ করা সময়ে গোল করে বর্তমান চ্যাম্পিয়নদের বিদায় নিশ্চিত করেছে কলম্বাস ক্রু।
বাংলাদেশ সময় গতকাল শনিবার সকালে কলম্বাসের মাঠে অনুষ্ঠিত ম্যাচে ১-০ গোলে জিতেছে স্বাগতিকরা। এর আগে সিরিজের প্রথম ম্যাচে ৩-০ গোলে জয় পেয়েছিল কলম্বাস। ‘বেস্ট অব থ্রি’ সিরিজে দুই ম্যাচ জিতে ইস্টার্ন কনফারেন্সের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে দলটি।
মায়ামির সামনে ছিল ২০১১-১২ মৌসুমে এলএ গ্যালাক্সির পর প্রথম দল হিসেবে টানা দুইবার এমএলএস কাপ জয়ের সুযোগ। কিন্তু পরপর দুই ম্যাচে হেরে সেই স্বপ্ন শেষ হয়েছে তাদের।
নির্ধারিত ৯০ মিনিটে কোনো দলই গোল করতে পারেনি। ম্যাচ যখন টাইব্রেকারের দিকে এগোচ্ছিল, তখন যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে জয়সূচক গোল করেন সান্তিয়াগো রদ্রিগেস। আনাস জারুরির ক্রস থেকে বল পেয়ে গোল করে কলম্বাসের সমর্থকদের উল্লাসে ভাসান তিনি।
ম্যাচে দুই দলই খুব বেশি সুযোগ তৈরি করতে পারেনি। প্রথমার্ধে মেসির ফ্রি-কিক অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। পরে জার্মান বারতেরামের শট ঠেকিয়ে দেন কলম্বাসের গোলরক্ষক প্যাট্রিক শুল্টি।
বিরতির পর এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল মায়ামি। মেসির ক্রস থেকে হেড করে বল জালে পাঠান কাসেমিরো। কিন্তু অফসাইডের কারণে গোল বাতিল হয়। এরপর খুব কাছ থেকে হেড করেও বল লক্ষ্যভেদ করতে পারেননি বারতেরামে।
শেষ পর্যন্ত গোলের দেখা পায় কলম্বাস। যোগ করা সময়ে রদ্রিগেসের গোলেই নিশ্চিত হয় মায়ামির বিদায়। পরপর দুই ম্যাচে হেরে প্রথম রাউন্ড থেকে বিদায় নিতে হলো বর্তমান চ্যাম্পিয়নদের।