জানা নিউজ

পাকিস্তানে সেনাপ্রধানের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ

পাকিস্তানের চারটি প্রদেশÑপাঞ্জাব, সিন্ধু, খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তানের প্রশাসনিক সীমানা পুনর্গঠনের প্রস্তাব ঘিরে রাজনৈতিক উত্তেজনা বাড়ছে। দেশটির শক্তিশালী সামরিক প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের এই পরিকল্পনার বিরোধিতা করে চলতি সপ্তাহে করাচির রাস্তায় নেমে আসেন সিন্ধুর হাজার হাজার মানুষ। তাদের অনেকের পরনে ছিল সিন্ধুর ঐতিহ্যবাহী আজরাক স্কার্ফ ও টুপি। সিন্ধুকে বিভক্ত করা কিংবা নতুন প্রশাসনিক ইউনিট গঠনের প্রস্তাবের বিরুদ্ধে বিক্ষোভ হয়। পাকিস্তান টুডের প্রতিবেদন অনুযায়ী, করাচিতে ‘জিয়ে সিন্ধ রাহবার কমিটি’র উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে জাতীয়তাবাদী নেতা, রাজনৈতিক কর্মী, আইনজীবী ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন। সমাবেশে বক্তারা সিন্ধুর বর্তমান সীমানা পরিবর্তনের বিরোধিতা করেন। তাদের দাবি, সিন্ধুর ভৌগোলিক অখণ্ডতার সঙ্গে কোনো আপস করা যাবে না। প্রদেশটির সীমানা বা প্রশাসনিক কাঠামো নিয়ে যেকোনো সিদ্ধান্ত নেওয়ার আগে জনগণের মতামত ও সম্মতিকে গুরুত্ব দিতে হবে। বক্তারা বলেন, সিন্ধুর পরিচয় তার ইতিহাস, সংস্কৃতি ও সভ্যতার সঙ্গে গভীরভাবে জড়িত। তাই একে শুধু প্রশাসনিক সুবিধার বিষয় হিসেবে দেখা যায় না। নতুন প্রদেশ বা প্রশাসনিক ইউনিট গঠনের বিষয়ে গণভোট আয়োজনের প্রস্তাবেরও বিরোধিতা করেন তারা। পাকিস্তান টুডে এ তথ্য জানিয়েছে। তারা শাহবাজ শরিফের নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে এমন কোনো সিদ্ধান্ত না নেওয়ার আহ্বান জানান, যা প্রদেশে রাজনৈতিক উত্তেজনা বা বিভেদ বাড়াতে পারে। বক্তারা সতর্ক করে বলেন, জনগণের সম্মতি ছাড়া কোনো প্রশাসনিক পরিবর্তন চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হলে সাংবিধানিক, আইনি ও গণতান্ত্রিক উপায়ে এর প্রতিবাদ করা হবে।
প্রয়োজনে প্রদেশজুড়ে বিক্ষোভও করা হবে।
মুনিরের পরিকল্পনা
এই পরিকল্পনার আওতায় পাকিস্তানের বর্তমান চারটি প্রদেশকে ভেঙে ১২টি বা তারও বেশি প্রদেশ গঠনের কথা বলা হয়েছে। পরিকল্পনাটি দেশটির সামরিক প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে যুক্ত করা হচ্ছে। যদিও দেশটির প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে উচ্চপদে রয়েছেন, তবে প্রকৃত ক্ষমতা সামরিক প্রধানের হাতেই রয়েছে বলে মনে করা হয়। তবে এখন পর্যন্ত মুনিরের অনুমোদনসহ এই পরিকল্পনার কোনো আনুষ্ঠানিক রূপরেখা প্রকাশ করা হয়নি। পরিকল্পনাটিকে সুশাসন নিশ্চিত করা, প্রশাসনিক ক্ষমতার বিকেন্দ্রীকরণ এবং রাষ্ট্রীয় সেবা সাধারণ মানুষের আরও কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ হিসেবে তুলে ধরা হচ্ছে। তবে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, এটি বাস্তবায়িত হলে পাকিস্তানের বর্তমান যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় বড় ধরনের পরিবর্তন আসতে পারে। গত ৮ অক্টোবর প্রকাশিত এক সম্পাদকীয়তে দ্য ইকোনমিস্ট এই উদ্যোগকে রাজনৈতিক বিরোধীদের বিভক্ত করা এবং সামরিক প্রধানের ক্ষমতা আরও সুসংহত করার প্রচেষ্টা হিসেবে উল্লেখ করেছে। বিলাওয়াল ভুট্টোর বিরোধিতা গত মঙ্গলবার পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো-জারদারি সতর্ক করে বলেন, জোর করে সিন্ধু প্রদেশকে বিভক্ত করা হলে পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠতে পারে। এমনকি সাধারণ মানুষ অস্ত্র হাতে তুলে নিতে পারে। পাকিস্তানের সংবাদমাধ্যম জিও টিভি এ তথ্য জানিয়েছে। করাচি প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘জোর করে প্রদেশকে বিভক্ত করা হলে সমাজও বিভক্ত হয়ে পড়বে। এর ফলে মানুষের মধ্যে শত্রুতা তৈরি হবে, সাধারণ মানুষ অস্ত্র হাতে তুলে নেবে এবং রক্তপাত শুধু একজনের মৃত্যুতেই সীমাবদ্ধ থাকবে না।’ বিলাওয়াল বলেন, জনগণের ইচ্ছা, সংবিধান ও আইন মেনে নতুন প্রদেশ গঠনের পক্ষে তার দল পিপিপি। তবে জোরজবরদস্তি বা বলপ্রয়োগের মাধ্যমে কোনো বিভাজন চাপিয়ে দেওয়ার বিরোধিতা করছে দলটি। জিও টিভির প্রতিবেদনে তার বক্তব্য উদ্ধৃত করে বলা হয়, ‘আমড়া যেখানে বিরোধিতা করছি, তা হলো অতিরিক্ত বলপ্রয়োগ ও জবরদস্তি। আমড়া বলপ্রয়োগের মাধ্যমে বিভাজন চাঁই না।’ তিনি আরও বলেন, নতুন প্রদেশ গঠনের বিষয়ে সংবিধানে নির্দিষ্ট প্রক্রিয়া উল্লেখ রয়েছে। তাই এ ক্ষেত্রে গণভোট আয়োজনের প্রস্তাব দেওয়া মানে অসাংবিধানিক পথ খোঁজা। পাকিস্তানে অতীতেও অগণতান্ত্রিক উদ্দেশে গণভোট আয়োজনের নজির রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।