জানা নিউজ

মুসিয়ালার অসুস্থতা নিয়ে নতুন তথ্য দিলো বায়ার্ন

জামাল মুসিয়ালার অসুস্থতা ও বায়ার্ন মিউনিখের সঙ্গে তার চুক্তি নিয়ে চলমান বিতর্কে নতুন তথ্য সামনে এসেছে। জার্মান ক্লাবটি জানিয়েছে, ২০২৫ সালের ফেব্রুয়ারিতে মুসিয়ালার সঙ্গে নতুন চুক্তি করার সময় তার স্নায়বিক সমস্যার বিষয়ে কিছুই জানত না ক্লাব কর্তৃপক্ষ। এমনকি মুসিয়ালাও তখন নিজের অসুস্থতার কথা জানতেন না। বায়ার্নের পক্ষ থেকে জানানো হয়েছে, মুসিয়ালার প্রথম শারীরিক পরীক্ষা হয় ২০২৫ সালের ২২ এপ্রিল। এর আগে নিজের শরীরে কিছু অস্বাভাবিক উপসর্গ অনুভব করার পর ক্লাবের চিকিৎসকদের শরণাপন্ন হন এই জার্মান মিডফিল্ডার। পরবর্তী পরীক্ষায় তার ‘অ্যাবসেন্স সিজার’ বা সাময়িকভাবে চেতনা হারানোর মতো স্নায়বিক সমস্যার বিষয়টি ধরা পড়ে। এর আগে ২০২৫ সালের ১৩ এপ্রিল ভয়াবহ এক গাড়ি দুর্ঘটনায় পড়েছিলেন মুসিয়ালা। ঘণ্টায় ১৯৪ কিলোমিটার গতিতে গাড়ি চালানোর সময় দুর্ঘটনাটি ঘটে। ওই সড়কে সর্বোচ্চ গতিসীমা ছিল ঘণ্টায় ১২০ কিলোমিটার। দুর্ঘটনার সঙ্গে তার পরবর্তী স্নায়বিক সমস্যার কোনো সম্পর্ক রয়েছে কি না, তা নিয়েও আলোচনা তৈরি হয়েছে। সম্প্রতি মুসিয়ালার ভবিষ্যৎ ও তার চুক্তির আর্থিক বিষয় নিয়ে বায়ার্নের শীর্ষ কর্মকর্তাদের মন্তব্যে বিতর্ক তৈরি হয়। ক্লাবটির সাবেক সভাপতি উলি হোয়েনেস ও সাবেক প্রধান নির্বাহী কার্ল-হেইঞ্জ রুমেনিগে প্রশ্ন তুলেছিলেন, চোট ও অসুস্থতা কাটিয়ে মুসিয়ালা আগের ফর্মে ফিরতে পারবেন কি না। আগের পারফরম্যান্সে ফিরতে না পারলে তার বড় অঙ্কের বেতন নিয়ে নতুন করে আলোচনার প্রয়োজন হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছিলেন তারা। এ পরিস্থিতিতে মুসিয়ালার প্রতিনিধি ও বায়ার্ন কর্তৃপক্ষের মধ্যে বৈঠক হয়েছে। ক্লাব জানিয়েছে, বৈঠকটি ছিল গঠনমূলক। দুই পক্ষই একমত হয়েছে, মুসিয়ালার স্বাস্থ্যের বিষয়টিই সবার আগে। সুস্থ হয়ে মাঠে ফেরার পথে ক্লাবের পূর্ণ সমর্থন পাবেন তিনি। পাশাপাশি ভবিষ্যতের আলোচনা পারস্পরিক সহযোগিতা ও গোপনীয়তা বজায় রেখেই চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে। এদিকে বায়ার্নের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন কমাতে মুসিয়ালার পক্ষ থেকে চিকিৎসকদের কাছে থাকা তার মেডিকেল রিপোর্ট ও নথিপত্র ক্লাবকে দেখার সুযোগ দেওয়া হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম। নিজের পছন্দে নিয়োগ দেওয়া দুই বিশেষজ্ঞ চিকিৎসকের অধীনেই বর্তমানে চিকিৎসা চলছে তার।