তিনি বলেন, রপ্তানির জন্য মানসম্মত পণ্য উৎপাদন করে দেশের বাজারে নিম্নমানের পণ্য সরবরাহ করা গ্রহণযোগ্য নয়।
আফরোজা খানম বলেন, বিদ্যমান পরীক্ষাগারগুলোর সক্ষমতার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে। পাশাপাশি আন্তর্জাতিক রপ্তানি বাজারের চাহিদা অনুযায়ী কীটনাশকের অবশিষ্টাংশ, রাসায়নিক উপাদান, ভারী ধাতু, মাইকোটক্সিন ও অণুজীব পরীক্ষার সক্ষমতা বাড়ানো জরুরি।
ব্যবসা-বাণিজ্য ও পণ্য পরীক্ষার ক্ষেত্রে দীর্ঘসূত্রতা কমানোর ওপর গুরুত্ব দিয়ে খাদ্যমন্ত্রী বলেন, ফাইল প্রক্রিয়াকরণ ও সিদ্ধান্ত গ্রহণে দীর্ঘ সময় ব্যয় হওয়ায় ব্যবসায়ীরা সমস্যায় পড়েন। সরকারি সেবার সময়সীমা কমিয়ে এসব জটিলতা নিরসনে সরকার কাজ করছে।
তিনি বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে বাণিজ্য, কৃষিসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়, প্রতিষ্ঠান ও অংশীজনদের নিয়ে আগামী পাঁচ বছরের একটি কর্মপরিকল্পনা প্রণয়ন করা হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রস্তাব যাচাই করে দেশের স্বার্থে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।
পরীক্ষাগারগুলোর মধ্যে সমন্বয়ের অভাবের বিষয়টিও তুলে ধরে খাদ্যমন্ত্রী বলেন, সরকারি ও বেসরকারি পরীক্ষাগার, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, বিএসটিআই ও ভোক্তা অধিকার সংরক্ষণ-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় প্রয়োজন। একই পণ্য বিভিন্ন প্রতিষ্ঠানে বারবার পরীক্ষা করার কারণে ব্যবসায়ীদের সময় ও অর্থ ব্যয় হয়। এ ধরনের পুনরাবৃত্তি ও জটিলতা কমিয়ে সমন্বিত সেবা নিশ্চিত করতে হবে।
খাদ্য পরীক্ষার প্রতিবেদন ও সনদ প্রদানের ক্ষেত্রে সততা ও জবাবদিহির ওপর গুরুত্ব দিয়ে মন্ত্রী বলেন, অর্থের বিনিময়ে পরীক্ষার প্রতিবেদন প্রভাবিত করা কিংবা অনৈতিকভাবে সনদ দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। খাদ্যে ভেজাল ও অনিয়ম প্রতিরোধে আইনের কার্যকর প্রয়োগ এবং অপরাধের জন্য কঠোর ও বাস্তবসম্মত শাস্তির বিধান থাকতে হবে। ব্যবসায়ীদের বিবেক, নৈতিকতা ও দায়িত্ববোধ থেকেই খাদ্যের মান নিশ্চিত করতে হবে।
খাদ্যমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের প্রতিটি নাগরিকের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন। এ লক্ষ্য বাস্তবায়নে সরকার কাজ করছে। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কার্যক্রম ২০১৩ সালে শুরু হলেও নানা সীমাবদ্ধতার কারণে প্রতিষ্ঠানটি প্রত্যাশিতভাবে বিকশিত হতে পারেনি। বর্তমান সরকার প্রতিষ্ঠানটিকে আরও সক্ষম ও কার্যকর করতে উদ্যোগ নিয়েছে।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক নোমান ফারুক আহমেদ। বিশেষ অতিথির বক্তব্যে এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক বলেন, পণ্য পরীক্ষার ব্যয় যেন পণ্যের মূল্য বৃদ্ধির কারণ না হয়, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। সেমিনার শেষে খাদ্যমন্ত্রী বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
সেমিনারে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম বক্তব্য দেন। এতে সভাপতিত্ব করেন আহসান হাবীব। সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, বিশেষজ্ঞ, শিক্ষাবিদ, ব্যবসায়ী, উদ্যোক্তা ও গণমাধ্যমকর্মীরা।