জানা নিউজ

লিবিয়ার উপকূলে রাশিয়ার যুদ্ধজাহাজে ড্রোন হামলা

লিবিয়ার বেনগাজি বন্দরে রাশিয়ার একটি যুদ্ধজাহাজে ড্রোন হামলা হয়েছে। এতে জাহাজটি ডুবে গেছে বলে জানা গেছে। ইউক্রেনের নৌ-ড্রোন দিয়ে হামলাটি চালানো হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। তবে এখন পর্যন্ত কেউ এ হামলার দায় স্বীকার করেনি। গত রোববার ভোরে ভূমধ্যসাগরীয় উপকূলের বেনগাজি বন্দরে এ হামলার ঘটনা ঘটে। লিবিয়ার পূর্বাঞ্চলীয় সরকারের কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এপি। রাশিয়ার নৌবাহিনীর করভেট শ্রেণির যুদ্ধজাহাজ মার্কারি বন্দরে জ্বালানি ও প্রয়োজনীয় সরঞ্জাম সংগ্রহের জন্য অবস্থান করছিল। এসময় জাহাজটিকে নিশানা করে কয়েকটি ইউক্রেনীয় নৌ-ড্রোন পাঠানো হয় বলে জানিয়েছেন কর্মকর্তারা। তাদের তথ্য অনুযায়ী, অন্তত চারটি ড্রোন প্রতিহত করা হলেও দুটি ড্রোন যুদ্ধজাহাজে আঘাত হানে। এতে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। পরে, স্যাটেলাইট চিত্রে জাহাজটি ডুবে যাওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া যায়। এদিকে, একই দিন কয়েক ঘণ্টা পর বেনগাজি উপকূলে রাশিয়ার সঙ্গে সংশ্লিষ্ট সামরিক সরঞ্জামবাহী একটি পণ্যবাহী জাহাজেও ড্রোন হামলা হয়। অ্যাসকালন নামের জাহাজটিতে হামলার পর বড় ধরনের বিস্ফোরণ ঘটে। লিবিয়ার নৌবাহিনী জাহাজটির নাবিকদের উদ্ধার করেছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, কয়েকজন নাবিক সামান্য আহত হয়েছেন। তাদের অবস্থা এখন স্থিতিশীল। বেনগাজি লিবিয়ার পূর্বাঞ্চলীয় সরকারের নিয়ন্ত্রণে রয়েছে। এ অঞ্চলের নেতৃত্বে রয়েছেন জেনারেল খলিফা হাফতার। তার নেতৃত্বাধীন বাহিনীর সঙ্গে রাশিয়ার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। এ হামলার বিষয়ে রাশিয়ার পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে, জাতিসংঘের লিবিয়া সহায়তা মিশন হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে। একই সঙ্গে দ্রুত, স্বাধীন ও স্বচ্ছ তদন্তের আহ্বান জানিয়েছে সংস্থাটি। এদিকে, লিবিয়ার পূর্বাঞ্চলীয় কর্তৃপক্ষ হামলাকে দেশটির সার্বভৌমত্বের লঙ্ঘন এবং সমুদ্রপথের নিরাপত্তার জন্য হুমকি হিসেবে উল্লেখ করেছে। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে আইনি ও কূটনৈতিক ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছে তারা। হামলাটি নিশ্চিত হলে ইউক্রেন-রাশিয়া যুদ্ধের পরিসর ইউরোপের বাইরে ভূমধ্যসাগরীয় অঞ্চলেও ছড়িয়ে পড়ার বিষয়টি সামনে আসবে বলে মনে করেন বিশ্লেষকেরা। প্রায় পাঁচ বছর ধরে চলা এ যুদ্ধে ইউক্রেনের নৌ-ড্রোন রাশিয়ার কৃষ্ণসাগরীয় নৌবহরের জন্য বড় হুমকি হয়ে উঠেছে। সূত্র: দ্য গার্ডিয়ান