জানা নিউজ

ছাত্রীকে হেনস্তার অভিযোগে ১০ বাস আটকে দিলেন ইডেনের শিক্ষার্থীরা

এক ছাত্রীকে হেনস্তার অভিযোগে প্রায় ১০টি নীলাচল বাস আটকে দিয়েছেন ইডেন কলেজের নারী শিক্ষার্থীরা।

শনিবার (২১ নভেম্বর) সকালে তারা কলেজের সামনে বাসগুলো আটক করেন।

পরে বাসগুলো কলেজের ভেতরে নিয়ে আসেন।ইডেন কলেজের শিক্ষার্থী আলিফা রামিম বলেন, গতকাল ইডেন কলেজের এক নারী শিক্ষার্থীর সঙ্গে নীলাচল বাসের এক হেলপার অতিরিক্ত ভাড়া দাবি করেন।

ওই শিক্ষার্থী তাঁর আইডি কার্ড দেখিয়েছিলেন। তারপরও তাঁর সঙ্গে বাজে ব্যবহার করা হয়।
আমাদের কাছে হেলপারের ছবি ও ভিডিও ফুটেজও আছে। এ কারণে আমরা বাস আটকেছি।
কলেজের আরেক শিক্ষার্থী বলেন, প্রতিদিনই মেয়েদের সঙ্গে এসব ঘটনা ঘটে। মেয়েরা চুপ থাকে। মেয়েদের দুর্বল মনে করে তারা এসব কাজ করে। এ জন্য আমরা বাস আটকেছি। পুলিশ আসছে। কলেজের প্রিন্সিপাল আসছেন। হল সুপাররা আছেন। সবাই এলে আমরা আমাদের দাবি পেশ করব। আমরা এখন পর্যন্ত প্রায় ১০টি বাস আটকেছি। এই হয়রানি বন্ধ করতে হবে।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা যায়, ইডেন কলেজের শিক্ষার্থীরা কলেজের ফটকের সামনে বাসগুলো আটকে দিচ্ছেন। সেখানে থেকে যাত্রীদের নামিয়ে দেওয়া হয়েছে। পরে বাসগুলো কলেজের ভেতরে নিয়ে যাওয়া হয়।