জানা নিউজ

মা হলেন সামান্থা

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর জীবনে নতুন অধ্যায়। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে পুত্রসন্তানের মা হয়েছেন তিনি। শুধু মা হওয়ার সুখবরই নয়, সন্তানের নামও প্রকাশ করেছেন অভিনেত্রী। নবজাতকের নাম রেখেছেন দেব নিদিমরু। গতকাল শুক্রবার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সুখবরটি ভক্তদের সঙ্গে ভাগ করে নেন সামান্থা। সেখানে তিনি লেখেন, ‘আমাদের সুন্দর বেবি বয় দেব নিদিমরু। আমাদের হৃদয় আনন্দে ভরে উঠেছে। রাজ ও সামান্থা।’ এ খবর প্রকাশ্যে আসতেই শুভেচ্ছা ও ভালোবাসায় ভাসছেন নতুন বাবা-মা। ভক্ত-অনুরাগীদের পাশাপাশি বিনোদন অঙ্গনের সহকর্মীরাও তাদের অভিনন্দন জানিয়েছেন। এর আগে ‘মা ইন্তি বাঙ্গারাম’ সিনেমার সাফল্য উদযাপনের অনুষ্ঠানে সামান্থার অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি সামনে আসে। হায়দরাবাদে সিনেমাটির সাকসেস পার্টিতে অভিনেত্রীর স্ফীতোদর দেখে বিষয়টি নিয়ে জল্পনা শুরু হয়। পরে সিনেমাটির পরিচালক বি.ভি. নন্দিনী রেড্ডি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সামান্থার মা হওয়ার খবর নিশ্চিত করেন। তিনি জানান, সিনেমার সাফল্যের আনন্দের সঙ্গে সামান্থার অন্তঃসত্ত্বা হওয়ার খবর তাদের আনন্দ আরও বাড়িয়ে দিয়েছে। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে গর্ভাবস্থার বিভিন্ন মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন সামান্থা। সন্তান জন্মের আগে বিশেষ ধর্মীয় ও পারিবারিক রীতি পালনের কিছু ছবিও প্রকাশ করেন তিনি। কখনোই স্বামী রাজের সঙ্গে মিষ্টি মুহূর্তে, আবার কখনোই প্রার্থনায় মগ্ন অবস্থায় দেখা যায় অভিনেত্রীকে। গত সেপ্টেম্বর সামান্থার সাধভক্ষণের আয়োজনের ছবিও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সাড়া ফেলেছিল। ফুলের পাপড়ি ও পুষ্পবৃষ্টিতে সাজানো সেই অনুষ্ঠানের ছবি প্রকাশ করে অভিনেত্রী জানিয়েছিলেন, এটি কেবল প্রচলিত সাধের অনুষ্ঠান নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে বিশেষ আধ্যাত্মিক তাৎপর্য। তামিল রীতি অনুযায়ী, হবু মাকে দেবীরূপে পূজা করার ঐতিহ্য মেনেই আয়োজন করা হয়েছিল অনুষ্ঠানটি। সন্তানের জন্মের পরপরই তার নাম প্রকাশ করায় সামান্থাকে ঘিরে ভক্তদের আগ্রহ আরও বেড়েছে। নতুন অতিথিকে স্বাগত জানিয়ে এখন আনন্দে ভাসছেন অভিনেত্রী ও তার পরিবার।