জানা নিউজ

এক ফ্রেমে বন্ধী হলেন বাংলাদেশ, পাকিস্তান ও ভারতের মিস ইউনিভার্স

একসময় একই ভূখণ্ড, একই ইতিহাসের অংশ ছিল বাংলাদেশ, ভারত ও পাকিস্তান। ১৯৪৭ সালের দেশভাগে আলাদা হয়েছিল সীমান্ত, তৈরি হয়েছিল নতুন রাষ্ট্রীয় পরিচয়। সময়ের সঙ্গে রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্কেও এসেছে নানা টানাপোড়েন। তবে ইতিহাস, সংস্কৃতি ও মানুষের আবেগের সেই পুরোনো যোগসূত্র যে এখনও হারিয়ে যায়নি, তারই এক সুন্দর ছবি দেখা গেল মিস ইউনিভার্সের মঞ্চে। পুয়ের্তো রিকোয় ৭৫তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নিতে গিয়ে একসঙ্গে ফ্রেমবন্দি হয়েছেন বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের তিন সুন্দরী। তারা হলেন বাংলাদেশের সামিরা খান মাহি, ভারতের কাজিয়াহ লিজ মেজো এবং পাকিস্তানের মিসবাহ আরশাদ। তিন দেশের প্রতিনিধিদের একসঙ্গে তোলা ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে সম্প্রীতি ও বন্ধুত্বের বার্তা দিয়েছেন মাহি। ছবির সঙ্গে ইংরেজিতে মাহি লিখেছেন, ‘দেশ আলাদা, পতাকা আলাদা, কিন্তু ভালোবাসা ও বন্ধুত্ব কত গভীর! প্রকৃত সম্পর্ককে কোনো সীমান্ত আটকে রাখতে পারে না। মিস ইউনিভার্সে একসঙ্গে এমন সুন্দর মুহূর্ত ভাগ করে নিতে পেরে আমি খুব আনন্দিত।’ মাহির এই বার্তায় উঠে এসেছে সীমান্তের ঊর্ধ্বে মানুষের সম্পর্কের কথা। ব্রিটিশ ভারতের দীর্ঘ অভিন্ন ইতিহাস, দেশভাগের বেদনা এবং পরবর্তী সময়ে বাংলাদেশ রাষ্ট্রের জন্ম- সব মিলিয়ে এই তিন দেশের মানুষের মধ্যে রয়েছে এক জটিল ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্ক। ভাষা, খাবার, পোশাক, সংগীত ও জীবনযাপনের নানা মিলও সেই যোগসূত্রের কথা মনে করিয়ে দেয়। রাজনৈতিক সীমারেখা আলাদা হলেও মানুষের বন্ধুত্ব ও পারস্পরিক শ্রদ্ধা যে আলাদা হতে বাধ্য নয়, তিন সুন্দরীর ছবিটি যেন সেই কথাই বলছে। আগামী মঙ্গলবার পুয়ের্তো রিকোর সান হুয়ানে অনুষ্ঠিত হবে মিস ইউনিভার্স ২০২৬-এর চূড়ান্ত পর্ব।