বৃষ্টিতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া মানুষগুলো। জীবিকার তাগিদে বৃষ্টিতে ভিজেই কেউ মাছ, সবজি বিক্রি করছেন, কেউ চালাচ্ছেন রিকশা, ভ্যানগাড়ি।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত রাজধানীর কারওয়ান বাজার, পল্টন, গুলিস্তান, সেগুনবাগিচা ও মতিঝিল এলাকা ঘুরে দেখা যায়, বিভিন্ন সড়কে থেমে থেমে বৃষ্টি হচ্ছে।
গণপরিবহনের অপেক্ষায় থাকা যাত্রীদের দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে হয়েছে। বৃষ্টির কারণে যানবাহন পেতে ভোগান্তিতে পড়েছেন অনেকে। কেউ কেউ বাধ্য হয়ে অতিরিক্ত ভাড়া দিয়ে রিকশায় গন্তব্যে পৌঁছেছেন। আবার বৃষ্টিতে ভিজেই হেঁটে চলাচল করতে দেখা গেছে অনেককেই।
কারওয়ান বাজার এলাকার বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী সুমন আহমেদ বলেন, সকালে বাসা থেকে বের হওয়ার পর থেকেই বৃষ্টির মধ্যে পড়তে হয়েছে। যানবাহন পেতে বেশ সময় লেগেছে। শেষ পর্যন্ত ভিজেই কর্মস্থলে যেতে হয়েছে। বৃষ্টির কারণে প্রতিদিনের স্বাভাবিক যাতায়াতও কঠিন হয়ে পড়েছে।
পল্টন এলাকায় শিক্ষার্থী নুসরাত জাহান বলেন, সকালে কলেজে যাওয়ার সময় বৃষ্টি শুরু হয়। ছাতা নিয়েও পুরোপুরি ভেজা থেকে রক্ষা পাওয়া যায়নি। বৃষ্টির কারণে সময়মতো কলেজে পৌঁছানো কঠিন হয়ে পড়েছে।
সেগুনবাগিচা এলাকায় জীবিকার তাগিদে বৃষ্টির মধ্যেই সবজি বিক্রি করছিলেন আবদুল কাদের। তিনি বলেন, বৃষ্টি হলেও বসে থাকার সুযোগ নেই। প্রতিদিনের আয় দিয়েই সংসার চলে। বৃষ্টির কারণে ক্রেতা নেই বললেই চলে। তারপরও পণ্য নিয়ে বসে থাকতে হচ্ছে। বৃষ্টি বাড়লে সবজি নষ্ট হওয়ার আশঙ্কাও রয়েছে।
গুলিস্তান এলাকায় রিকশাচালক জয়নাল মিয়া বলেন, সকাল থেকে বৃষ্টির মধ্যে রিকশা চালাচ্ছেন। বৃষ্টিতে ভিজে শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে। কিন্তু আয় বন্ধ রাখার সুযোগ নেই। যাত্রী কম থাকায় আগের মতো ভাড়া পাওয়া যাচ্ছে না। সংসারের খরচ আছে, তাই বাধ্য হয়ে রাস্তায় থাকতে হয়।
মতিঝিল এলাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা রাশেদুল ইসলাম বলেন, সকাল থেকে বৃষ্টির কারণে বাসা থেকে বের হতে দেরি হয়েছে। এরপর রাস্তায় গাড়ি পেতেও ভোগান্তিতে পড়তে হয়েছে। প্রায় আধা ঘণ্টা অপেক্ষার পর রিকশা পেয়েছেন। বৃষ্টির মধ্যে ভিজে কর্মস্থলে পৌঁছাতে হয়েছে। সময়মতো অফিসে উপস্থিত না হলে বেতন কাটা যাওয়ার আশঙ্কা থাকে। তাই দুর্ভোগ হলেও কর্মস্থলে আসতে হয়েছে।
এদিকে প্রয়োজনীয় কাজে বাইরে বের হওয়া সাধারণ মানুষও পড়েছেন বিড়ম্বনায়। বৃষ্টির কারণে বাজার করা, চিকিৎসাসহ জরুরি কাজ সারতে সমস্যায় পড়ছেন অনেকে। পথচারীদের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। বিশেষ করে শিশু, বয়স্ক ও গণপরিবহনের ওপর নির্ভরশীল মানুষের ভোগান্তি বেশি।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আগামী দুই দিন বৃষ্টির প্রবণতা বেশি থাকার সম্ভাবনা রয়েছে। এরপর ধীরে ধীরে বৃষ্টিপাতের প্রবণতা কমে আসতে পারে।