বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১১টার দিকে কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের শিবগাতী গ্রামে এমপি সেলিমুজ্জামান মোল্লার বাড়িতে তারা এ ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন।
জানা গেছে, সকালে মিছিল সহকারে এমপি সেলিমুজ্জামানের বাড়িতে অবস্থান নেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় তার বাড়ি লক্ষ্য করে কয়েকটি পেট্রল বোমা নিক্ষেপ করা হয়।
মুকসুদপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম রাজু জানিয়েছেন, বেশ কিছু লোক মিছিল নিয়ে এমপি সেলিমুজ্জামানের বাড়িতে এসে পেট্রল বোমা নিক্ষেপ, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা।
এর আগের দিন বুধবার রাতে গোপালগঞ্জ-২ আসনের বিএনপির সংসদ সদস্য ডা. কে এম বাবরের থানাপাড়া আরাফ জেনারেল হাসপাতাল ও ক্লিনিকে তার ব্যক্তিগত অফিসে ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালিয়ে ভাঙচুর করা হয়।
তার আগের দিন রাতে গোপালগঞ্জ-৩ আসনের বিএনপির সংসদ সদস্য (এমপি) এস এম জিলানীর টুঙ্গিপাড়ার বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা।
এদিকে গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশা এলাকায় টহলরত বিজিবি ও এসআরবির গাড়ি লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। তবে, এতে কেউ আহত হয়েছে কি না খবর পাওয়া যায়নি।
অন্যদিকে, গোপালগঞ্জ শহরের পোস্ট অফিস মোড় এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল থেকে এফএনএফ নামে একটি সুপার শপে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করেন তারা।