জানা নিউজ

পোশাকশ্রমিকের ন্যূনতম মজুরি ২৪ হাজার ২০৪ টাকা করার প্রস্তাব সিপিডির

তৈরি পোশাক খাতের শ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ১৮ হাজার ৫৭৮ টাকা থেকে ২৪ হাজার ২০৪ টাকার মধ্যে নির্ধারণের প্রস্তাব দিয়েছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। সংস্থাটির হিসাবে, চার সদস্যের একটি পরিবারের খাদ্য, বাসস্থান, চিকিৎসা ও শিক্ষাসহ মৌলিক চাহিদা পূরণের পাশাপাশি সামান্য সঞ্চয়ের সুযোগ রেখে সম্মানজনক জীবনযাপনের জন্য একজন পোশাকশ্রমিকের মাসিক মজুরি হওয়া প্রয়োজন ২৪ হাজার ২০৪ টাকা।
বুধবার (১৮ নভেম্বর) রাজধানীর ধানমন্ডিতে সিপিডির কার্যালয়ে ‘পোশাক খাতে ন্যায্য মজুরি ২০২৬: বিবেচ্য বিষয়সমূহ’ শীর্ষক সংবাদ সম্মেলনে গবেষণার ফল ও মজুরি নির্ধারণের প্রস্তাব তুলে ধরা হয়। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিপিডির নির্বাহী পরিচালক ড. নাজনীন আহমেদ। এ সময় সংস্থাটির সম্মাননীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য, অধ্যাপক মোস্তাফিজুর রহমান এবং গবেষণা পরিচালক তৌফিকুল ইসলাম খান উপস্থিত ছিলেন।
সিপিডির গবেষণায় জীবনযাত্রার ব্যয় বিবেচনায় সম্ভাব্য মজুরির তিনটি স্তর নির্ধারণ করা হয়েছে। ২০২৩ সালের নভেম্বরে নির্ধারিত ১২ হাজার ৫০০ টাকা ন্যূনতম মজুরির ক্রয়ক্ষমতা বর্তমান বাজারে ধরে রাখতে হলে মজুরি হতে হবে ১৬ হাজার ৩৫১ টাকা। তবে এতে শ্রমিকদের জীবনযাত্রার মান বাড়বে না, কেবল আগের ক্রয়ক্ষমতা বজায় থাকবে।
অন্যদিকে, চার সদস্যের একটি পরিবারকে উচ্চ দারিদ্র্যসীমার মধ্যে টিকে থাকার ন্যূনতম ব্যয় মেটাতে একজন আয়কারীর মাসিক আয় প্রয়োজন ১৮ হাজার ৫৭৮ টাকা। আর খাদ্য, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা ও অন্যান্য মৌলিক চাহিদা পূরণের পাশাপাশি সামান্য সঞ্চয়ের সুযোগ রেখে সম্মানজনক জীবনযাপনের জন্য প্রয়োজন ২৪ হাজার ২০৪ টাকা।
সংবাদ সম্মেলনে নাজনীন আহমেদ বলেন, বর্তমান জীবনযাত্রার ব্যয় বিবেচনায় পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৮ হাজার ৫৭৮ থেকে ২৪ হাজার ২০৪ টাকার মধ্যে নির্ধারণের প্রস্তাব করছেন তাঁরা। মজুরি নির্ধারণে কোনো পক্ষের ওপর সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া বা সংঘাতময় পরিস্থিতি তৈরি না করে সুনির্দিষ্ট তথ্য-উপাত্ত ও প্রমাণের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া উচিত।
তিনি বলেন, শ্রমিক অসন্তোষ বা আন্দোলনের মুখে তাড়াহুড়ো করে মজুরি বোর্ড গঠনের প্রচলিত প্রক্রিয়া দীর্ঘ মেয়াদে সংকটের সমাধান করে না। মজুরি পুনর্নির্ধারণের জন্য আগে থেকেই প্রস্তুতি নেওয়া প্রয়োজন।
নাজনীন আহমেদ আরও বলেন, ‘আমড়া মনে করি, সময়ের সঙ্গে সঙ্গে আমাদের লক্ষ্য হওয়া উচিত শ্রমিকদের জীবন ধারণের উপযোগী মজুরির দিকে নিয়ে যাওয়া। অর্থাৎ এমন একটি মজুরি নিশ্চিত করা, যাতে শ্রমিকেরা পুষ্টিমান বজায় রেখে মানবিক ও মর্যাদাপূর্ণ জীবন যাপন করতে পারেন। আমড়া মনে করি, মজুরি নির্ধারণের ক্ষেত্রে এই বৃহত্তর লক্ষ্যটিও বিবেচনায় নেওয়া প্রয়োজন।’
তিনি আরও বলেন, ‘আমড়া “দরকষাকষি” শব্দটি ব্যবহার করতে চাঁই না; বরং দুই পক্ষের পর্যালোচনা ও আলোচনার ভিত্তিতে ১৮ হাজার ৫৭৮ থেকে ২৪ হাজার ২০৪ টাকার মধ্যে একটি গ্রহণযোগ্য মজুরি নির্ধারণের কথা বলছি।’
মজুরি নির্ধারণ নিয়ে মালিক ও শ্রমিকপক্ষের অবস্থানও তুলে ধরেছে সিপিডি। সংস্থাটির নির্বাহী পরিচালকের বক্তব্য অনুযায়ী, মালিকপক্ষের দাবি, উচ্চ মূল্যস্ফীতি, ব্যাংকঋণের উচ্চ সুদহার, গ্যাস-বিদ্যুতের সংকট, উৎপাদন ব্যয় বৃদ্ধি এবং যুক্তরাষ্ট্রসহ বৈশ্বিক বাজারে পোশাকের দরপতনের কারণে বাড়তি মজুরির চাপ বহন করা কঠিন। অন্যদিকে শ্রমিকদের দাবি, খাদ্য ও বাসস্থানের ব্যয় বেড়ে যাওয়ায় জীবনযাত্রার প্রয়োজনীয় খরচ মেটানোর মতো মজুরি নিশ্চিত করতে হবে।
২০২৩ সালের নভেম্বরে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছিল। এরপর চলতি বছরের অক্টোবরে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলনে নামেন শ্রমিকেরা। পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ১ নভেম্বর সরকার ছয় সদস্যের নিম্নতম মজুরি বোর্ড গঠন করে। বোর্ডে শ্রমিকপক্ষ ৩২ হাজার টাকা মজুরির প্রস্তাব দিয়েছে। তবে মালিকপক্ষের সুনির্দিষ্ট প্রস্তাব এখনও পাওয়া যায়নি।
মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিতের বিষয়েও আলোচনা চলছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী এক ব্রিফিংয়ে জানান, সভা স্থগিতের পেছনে কোনো চাপ ছিল না। বোর্ডের একজন প্রতিনিধি অসুস্থ থাকায় সভাটি স্থগিত করা হয়েছে। আগামী ২৩ নভেম্বর পরবর্তী সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। মজুরি নিয়ে ভুয়া তথ্য বা বিজ্ঞপ্তিকে কেন্দ্র করে বিশৃঙ্খলা না করার জন্য শ্রমিকদের প্রতি আহ্বান জানান তিনি।
পোশাক খাতে দীর্ঘমেয়াদি শ্রমিক-শান্তি বজায় রাখা এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখতে কয়েকটি সুপারিশ করেছে সিপিডি। সংস্থাটির মতে, মজুরি পুনর্বিবেচনার অন্তত ছয় মাস আগে মজুরি বোর্ড গঠন করা উচিত। এতে সংশ্লিষ্ট পক্ষগুলোর তথ্য পর্যালোচনা ও আলোচনার জন্য যথেষ্ট সময় থাকবে।
মজুরি নির্ধারণে আবেগ বা চাপের পরিবর্তে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) নির্ভরযোগ্য উপাত্ত ব্যবহার করার পরামর্শ দিয়েছে সংস্থাটি। পাশাপাশি শ্রমিক পরিবারের প্রকৃত সদস্যসংখ্যা ও আয়কারীর সংখ্যা বিবেচনায় নেওয়ার কথা বলা হয়েছে।
বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৪১ ধারায় মজুরি নির্ধারণের জন্য ১১টি মানদণ্ডের কথা উল্লেখ রয়েছে। মূল্যস্ফীতি, উৎপাদনশীলতা ও ব্যবসার সক্ষমতাসহ এসব মানদণ্ড পরিমাপের জন্য সুনির্দিষ্ট পদ্ধতি তৈরির সুপারিশ করেছে সিপিডি।
শুধু দেশের মালিক ও শ্রমিকদের আলোচনার মধ্যে মজুরি বৃদ্ধির বিষয়টি সীমাবদ্ধ না রেখে আন্তর্জাতিক ক্রেতা ও ব্র্যান্ডগুলোর ভূমিকাও বিবেচনায় নেওয়ার কথা বলেছে সংস্থাটি। তাদের ন্যায্যমূল্য দেওয়ার পাশাপাশি শ্রম ব্যয় বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে সোর্সিং নীতিতে পরিবর্তন আনার সুপারিশ করা হয়েছে।
সিপিডির মতে, ২০২৯ সালের মধ্যে স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের উত্তরণের প্রেক্ষাপটে ইউরোপীয় ইউনিয়নসহ প্রধান রপ্তানি বাজারে প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখা জরুরি। একই সঙ্গে জিএসপি প্লাস সুবিধা পাওয়ার প্রস্তুতি হিসেবে পোশাক কারখানায় শোভন কাজের পরিবেশ এবং শ্রমিকদের জীবনধারণের উপযোগী মজুরি নিশ্চিত করতে হবে।
বিকল্প শিরোনাম